ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচন করতে আগামী অক্টোবরের চতুর্থ সপ্তাহে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) ইকরামুল হক চিঠি পাওয়ার কথা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে স্বীকার করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠিটি পাঠানো হয়।
তিনি বলেন, "নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী অক্টোবরের চতুর্থ সপ্তাহে বেশিরভাগ উপজেলায় নির্বাচন হওয়ার কথা। এজন্যই ওই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষাসহ আনুষঙ্গিক বিষয়গুলো বন্ধ রাখতে চিঠি দেওয়া হয়েছে।"
প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২৩ অক্টোবর উপজেলা নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে কমিশন। তবে এটা কোনো চূড়ান্ত দিনক্ষণ নয়।
বিবিসি রেডিও সোমবার জানায়, ৩০০ উপজেলায় ২৩ অক্টোবর নির্বাচন করবে কমিশন। নিয়ম অনুযায়ী নির্বাচনের আগে সেপ্টেম্বরেই তারিখ ঘোষণা করা হবে।
গত ৩০ জুন স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশ, ২০০৮ এর গেজেট প্রকাশ করা হয়। এর আগে ১৫ জুন উপদেষ্টা পরিষদ এতে চূড়ান্ত অনুমোদন দেয়।
নির্বাচন কমিশনে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী দেশে উপজেলা পরিষদের সংখ্যা ৪৮২টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএইচসি/এসএনডি/এমএইচবি/২০১১ ঘ.
bdnews24