২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের আগে উপজেলা নির্বাচন প্রতিরোধের আহ্বান জিল্লুরের

জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন হলে তা প্রতিহতের জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন হলে তা প্রতিহতের জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। রাজধানীর আসাদগেটের একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর ও আদাবর থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান। অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে জিল্লুর রহমান বলেন, "জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সরকার সবগুলো উপজেলায় নির্বাচন করলে একটা কথা ছিল। কিন্তু এভাবে অর্ধেক উপজেলায় নির্বাচন করে কোনো লাভ নেই। এ নির্বাচন প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।" সরকারের সমালোচনা করে তিনি বলেন, "তাদের কাজ হলো অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা। কিন্তু এ সরকার এখন পর্যন্ত কোনো কথাই রাখতে পারেনি।" শেখ হাসিনার নিঃর্শত স্থায়ী মুক্তিও দাবি করেন তিনি। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খানের সভাপতিত্বে বর্ধিত সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমএইচবি/