ঢাকা, ২১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কর ফাঁকির দায়ে সোনালী ব্যাংকের সিবিএ নেতা বিএম বাকিরের স্ত্রী নাজমা হোসেনকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
তার ৫০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও পৌনে দুই বছরের কারাদণ্ড হয়েছে।
সোমবার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শামসুন্নাহার বেগম এ রায় ঘোষণা করেন।
রায়ে আসামির ৫৪ লাখ ৪১ হাজার টাকার সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। নাজমা হোসেন পলাতক রয়েছেন। তার আটক বা আত্মসমর্পণের থেকে এ সাজা কার্যকর হবে।
নাজমাকে তিনটি ধারায় দেওয়া সাজার মধ্যে একটিতে সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে ৩ বছরের কারাদণ্ড, ২০ লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্য একটি ধারায় অবৈধ সম্পত্তি অর্জনের দায়ে ৫ বছরের কারাদণ্ড, ২০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সর্বশেষ কর বর্ষে সম্পত্তির হিসাব বিবরণী দাখিল না করার অপরাধে এক বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
গত ৯ জুন জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মমতাজ উদ্দিন বাদি হয়ে নাজমার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, আসামি ২০০২-২০০৩ কর বর্ষ থেকে ২০০৫-২০০৬ কর বর্ষ পর্যন্ত ৩২ লাখ ৭৪ হাজার ৯'শ ১৩ টাকার কর ফাঁকি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৮১৭ঘ.
bdnews24