২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ-২৯ মামলার বৈধতা নিয়ে হাইকোর্টে শেখ হাসিনার রিট

মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চে শেখ হাসিনার পক্ষে রিটটি দায়ের করেন ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চে শেখ হাসিনার পক্ষে রিটটি দায়ের করেন ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। সোমবার হাসিনার এই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। তার পক্ষে শুনানিতে অংশ নেবেন ব্যারিস্টার শফিক আহমেদ। এর আগে সুপ্রিম কোর্ট গত ১৮ মার্চ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে হাসিনার আপিল খারিজ করে দিয়েছিল। গত বছর ৬ সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিগ-২৯ দুর্নীতি মামলা বাতিলের শেখ হাসিনার আবেদন খারিজ করে দেন। হাইকোর্টের এই রায় স্থগিতের জন্য শেখ হাসিনা আপিল বিভাগে আবেদন জানালে চেম্বার বিচারপতির আদালত গতবছর ১০ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের ওপর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছিল। কিন্তু গতবছর ৩০ সেপ্টেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ওই স্থিতাবস্থার মেয়াদ আর বাড়ায়নি। এর পর থেকে নিম্ন আদালতে মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলার বিচার কার্যক্রম শুরু হয়। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনকে আসামী করা হয়। মামলায় অভিযোগ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে এই ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান কিনে রাষ্ট্রের প্রায় ৭শ' কোটি টাকা ক্ষতি করা হয়েছে। ২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিমান বাহিনী প্রধান জামালউদ্দিন আহমেদ, সাবেক সেনাবাহিনী প্রধান মোস্তাফিজুর রহমান, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম প্রতিরক্ষা সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, এয়ার কমোডোর (অব) মীর্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২১০৭ঘ.ঘ.