ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম) - অসুস্থ থাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রোববার গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে হাজির করা হয়নি। এদিন মামলাটিতে হাইকোর্টের স্থগিতাদেশের অনুলিপি আদালতে জমা দেওয়ার কথা থাকলেও তা পারেননি আসামি পক্ষের আইনজীবীরা।
স্থগিতাদেশের অনুলিপি আগামী ২৪ জুলাই জমা দেওয়ার নতুন তারিখ দেন বিশেষ জজ আদালত- ৩ এর বিচারক মো. শাহেদ নূরউদ্দিন।
রোববার আদালতের শুরুতে কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, "খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।"
এ সময় খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছাড়া মামলার অন্য আসামিরা উপস্থিত ছিলেন। জামিনে থাকা জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীও হাজির হন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। এর কয়েক ঘণ্টার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে খালেদা জিয়া ও কোকোসহ ১৩ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে গত ১৩ মে ঢাকার মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা। এতে আগের ১৩ জনের সঙ্গে সাবেক জোট সরকারের আট মন্ত্রীসহ মোট ২৪ জনকে আসামি করা হয়।
এজাহারে বলা হয় আসামিরা দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দিয়ে রাষ্ট্রের সাড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি করেছেন।
এ মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, মতিউর রহমান নিজামীসহ মোট ১৭ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সাত আসামিকে পলাতক দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/টিএইচ/জেকে/এসএনডি/১৭৩৪ ঘ.
bdnews24