ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে বিবেচনাবোধের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সংস্কারমুখী গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনার জন্য তা প্রয়োজন বলে মত দেন তিনি।
পাশাপাশি একটি সুজলা-সুফলা দেশ গঠনে ১৯৫২ ও ১৯৭১ সালের মতো ঐক্য গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'এসো বাংলাদেশ গড়ি' রোড শো'র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
কৃষি উপদেষ্টা সি এস করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ।
প্রধান উপদেষ্টা বলেন, "এ বছর ডিসেম্বরেই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এর মাধ্যমে একটি সংস্কারমুখী গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে।"
তিনি বলেন, "আগামীতে প্রতিটি নির্বাচনে জ্ঞানী-গুণী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ যাতে জয়যুক্ত হয়, মাথা উচু করে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে।"
'পবিত্র ভোটকে' সর্বোচ্চ নাগরিক অধিকার আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন, "এই ভোট প্রদানে আপনাদেরকে যথেষ্ট বিচার-বিবেচনা, বুদ্ধি প্রয়োগ করতে অনুরোধ জানাচ্ছি। লক্ষ্য রাখবেন, ভোট প্রদানে আপনাদের মতামতের সঠিক প্রতিফলন যাতে ঘটে। ভালো মানুষ, যোগ্য নেতৃত্ব যাতে দেশ পরিচালনার ভার নিতে পারে- এ ব্যাপারে জনসচেতনতা বাড়াতে অব্যাহত ও ব্যাপক প্রচারণা চালাতে হবে।"
রোড শো প্রসঙ্গে তিনি বলেন, "এটি সরকার কিংবা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে প্রচারাভিযান নয়। জাতি গঠনে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সূচনা মাত্র। আমার দৃঢ় বিশ্বাস, এ ধরণের ঐক্যমতের কর্মসূচি দুর্নীতি, সন্ত্রাস ও অসুন্দরের বিরুদ্ধে সজাগ ও সোচ্চার হতে এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে নাগরিক সমাজকে আলোর পথ দেখাবে; সাহস জোগাবে।"
সুজলা-সুফলা, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে সব ধরনের ভেদরেখা মুছে একসঙ্গে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, "আজকের ছাত্র ও যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে অন্যতম অন্তরায় হচ্ছে ক্ষমতাবানদের ছত্রছায়ায় সন্ত্রাস ও মাদকের অভিশাপ। এর অনুষঙ্গ হিসেবে যুক্ত হয়েছিল ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজির মতো গুরুতর অপরাধ। মাদক ও সন্ত্রাসকে যারা প্রশ্রয় দেয়, তারা সমাজ ও মানবতার শত্র"। এ ব্যাপারে কোনো অবহেলা সহ্য করা হবে না।"
সমাজের সব স্তর থেকে দুর্নীতির মূলোৎপাটনে দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "আসুন আমরা সবাই দুর্নীতিকে ঘৃণা করি, এই অপকর্ম থেকে বিরত থাকি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও শিশু-কিশোরদের দুর্নীতিকে ঘৃণা করতে শেখাই।"
কক্সবাজারকে পৃথিবীর অন্যতম 'প্রাকৃতিক আশ্চর্য' নির্বাচিত করতে শুরু হওয়া প্রচারাভিযানের প্রশংসা করে তিনি বলেন, "পৃথিবীর বহু দেশের কর্মসংস্থান ও জাতীয় আয়ের প্রধান উৎস পর্যটন। কক্সবাজার, সুন্দরবনসহ আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটাতে হবে।"
প্রধান উপদেষ্টা তার ভাষণে সরকারের বিভিন্ন কর্মসূচি ও কৃষি উৎপাদনে সাফল্যের কথা তুলে ধরেন। একই সঙ্গে আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের বিভিন্ন প্রস্তুতির কথাও বর্ণনা করেন।
সরকারের চারটি মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন (ইসি) ও বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি), যৌথভাবে এ রোড শো'র আয়োজন করে। গত ৩০ মে কৃষি উপদেষ্টা সি এস করিম বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রেই রোড শো'র উদ্বোধন করেন। ৫০ দিনে ৫৫ জেলা ঘুরে গত ১৩ জুলাই আবার রাজধানীতে পৌঁছায় রোড শো'র গাড়ি বহর। এর মধ্যে ২৫টি জেলা শহরে যাত্রাবিরতি ও রোড শো'র মেলা হয়।
শনিবার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শেষ হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/২০৪৬ঘ.
bdnews24