২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনি বা রোববার ব্যাংকক নেওয়া হতে পারে কোকোকে

চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে শনি অথবা রোববার ব্যাংককে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সরকার চিকিৎসার উদ্দেশ্যে কোকোকে আট সপ্তাহের জন্য শর্তাধীনে মুক্তি দেয়। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কোকোকে ব্যাংকক নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে শনি অথবা রোববার ব্যাংককে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সরকার চিকিৎসার উদ্দেশ্যে কোকোকে আট সপ্তাহের জন্য শর্তাধীনে মুক্তি দেয়। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কোকোকে ব্যাংকক নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান। শিমুল বিশ্বাস জানান, সরকার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গঠিত বোর্ড কোকোকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছে। সে অনুযায়ী তাকে ব্যাংককে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। পরিবারের একজন সদস্য জানান, কোকোকে শনিবার দুপুরে ব্যাংকক নিয়ে যাওয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে। অসুস্থ কোকো ক্যান্টনমেন্ট এলাকার শহীদ মইনুল সড়কের বাসায় তার ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। বাসায় তাকে মাঝে-মধ্যে অক্সিজেন দিতে হচ্ছে। কয়েকজন নিকট আত্মীয় শুক্রবার কোকোকে দেখতে যান। গত বছরের ৩ সেপ্টেম্বর শহীদ মইনুল সড়কের বাসা থেকে মা সাবেক প্রধামন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে কোকোকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গ্যাটকো দুর্নীতি মামলায় আটক দেখিয়ে তাদের সেদিন সকালে মহানগর মূখ্য হাকিম আদালতে হাজির করা হয়েছিল। মাত্র একদিন কেন্দ্রীয় কারাগারে থাকার পর অসুস্থ কোকোকে হাসপাতালে নেওয়া হয়। সেই থেকে তিনি মূলত বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও এর প্রিজন সেলেই ছিলেন। কোকো ইতিমধ্যে গ্যাটকো দুর্নীতি এবং সম্পদের তথ্য গোপনের মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন। তবে গুলশান থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে তিনি এখনো অব্যাহতি পাননি। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে কোকোকে চিকিৎসার জন্য ১৭ জুলাই থেকে ১৬ সেপ্টেম্বর ২০০৮ পর্যন্ত সাতটি শর্ত দিয়ে সাময়িক মুক্তির আদেশ দেয়। কোকোর স্ত্রী শর্মিলা রহমান চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে সরকারের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০২২ঘ.