২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝগড়া করে চৌকিদারকে ক্ষমতায় বসিয়েছি: সা কা চৌধুরী

ঠিকমত দায়িত্ব পালন না করে রাজনীতিবিদরাই দেশকে আজকের অবস্থায় এনেছে মন্তব্য করে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, "আমরা রাজনীতিবিদরা মালিকে মালিকে ঝগড়া করে চৌকিদারকে ক্ষমতায় বসিয়েছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠিকমত দায়িত্ব পালন না করে রাজনীতিবিদরাই দেশকে আজকের অবস্থায় এনেছে মন্তব্য করে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, "আমরা রাজনীতিবিদরা মালিকে মালিকে ঝগড়া করে চৌকিদারকে ক্ষমতায় বসিয়েছি।" বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শামসুন্নাহার বেগমের আদালতে তিনি এ কথা বলেন। এ আদালতে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে সম্পত্তির তথ্য গোপন ও ঘোষিত আয়ের বাইরে সম্পত্তি অর্জনের মামলার শুনানি চলছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সা কা চৌধুরী আদালতে বলেন, রাজনীতিবিদদের ভুল-ভ্রান্তি সংশোধন করে কাজ করার সুযোগ দিতে হবে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ গোলাম হাফিজ বলেন, "আপনার মতো অন্য রাজনীতিবিদরাও যদি দোষ-ত্র"টি স্বীকার করে নিত, তাহলে দেশ ও জাতির জন্য তা কল্যাণকর হতো।" সালাউদ্দিন কাদের বিচারককে উদ্দেশ্য করে বলেন, "পবিত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিরা বসে আইন করবে, দেশ পরিচালনা করবে। অথচ সেখানে আজ আদালত বসান হয়েছে। রাজনীতিবিদদের হেনস্থা করা হচ্ছে। এটা আপনার জন্যও বিব্রতকর।" "আপনি (বিচারক) একটি প্রতিষ্ঠান। আপনার নাম, ঠিকানা এসব আমার জানার কথা নয়। কিন্তু আপনাদেরকে রাজনীতিবিদদের মুখোমুখি করে দেওয়া হয়েছে। এতে আপনাকে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। আশা করি, এ বিষয়টি আপনি ক্ষমাসুন্দর সৃষ্টিতে দেখবেন।" অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামালের পদত্যাগ প্রসঙ্গে সালাউদ্দিন কাদের বলেন, "আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরও অনেকেই পতদ্যাগ করবেন।" ফিদা এম কামাল গত বুধবার আইন উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আকতার হামিদ ভূঁইয়া গত বছরের ১৩ জুন সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, সা কা চৌধুরী অবৈধভাবে ৯ কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৬৩২ টাকার সম্পত্তি অর্জন করেছেন। এছাড়া কমিশনে জমা দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে ৯১ লাখ ৪২ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন তিনি। বৃহস্পতিবার হাইকোর্ট তাকে জামিন দিয়ে মামলাটি এক মাসের জন্য স্থগিত করেছে। তবে তিনি এখনো মুক্তি পাননি। যৌথবাহিনী গতবছর ৩ ফেব্র"য়ারি গভীর রাতে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/২১২৩ ঘ.