২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মানবে না আ. লীগ

নতুন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ করা থেকে সরকারকে সরে আসার আহবান জানিয়ে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেছেন এর অন্যথা হলে তারাই 'পদক্ষেপ' নেবেন। তবে 'পদক্ষেপ কী হবে তা পরিষ্কার করেননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 08:15 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নতুন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ করা থেকে সরকারকে সরে আসার আহবান জানিয়ে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেছেন এর অন্যথা হলে তারাই 'পদক্ষেপ' নেবেন। তবে 'পদক্ষেপ কী হবে তা পরিষ্কার করেননি তিনি। গত ১৩ জুলাই রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করে এবং নির্বাচনে 'না' ভোটের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ২০০৮ এ নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আমু সরকারের ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বাতিল না করার দাবি করে বলেছেন বলেন, " এ বিষয়ে সরকার দাবি অনুযায়ী পদক্ষেপ না নিলে আওয়ামী লীগ পদক্ষেপ নিতে বাধ্য হবে।" বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের প্রতীক অনশনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেয়া বক্তব্যে আমু এ কথা বলেন। শেখ হাসিনার স্থায়ী মুক্তি এবং যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী প্রতীক অনশনের অংশ হিসাবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি চলে। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য যুবলীগের এ কর্মসূচিকে সময়োপযোগী আখ্যায়িত করে বলেন, "নেত্রীর (শেখ হাসিনা) সাময়িক মুক্তি জনগণ প্রত্যাখান করেছে। তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে তাকে নি:শর্ত মুক্তি দিতে হবে। না হলে জনগণ মানবে না।" মোহাম্মদ নাসিমের মস্তিস্কে রক্তক্ষরণের পরও তাকে জামিন না দিলেও জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীকে জামিন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আমু বলেন, "আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আর স্বাধীনতা বিরোধীতাকারীদের জামিন দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে মানুষ ঘরে বসে থাকবে না।" আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর আরেক সদস্য তোফায়েল আহমদ তত্ত্বাবধায়ক সরকারকে উপজেলা নির্বাচনের তৎপরতা বন্ধ করার আহবান জানিয়ে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে জনগণের মুখোমুখি দাঁড় করাবেন না।" নতুন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ জারি করা থেকে সরকারকে বিরত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, "যে আইন আমরা সংসদে করেছি তা অধ্যাদেশ করে বাতিল করতে পারবেন না। এটা বন্ধ করুন। যে আইন আপনারা করছেন তা আওয়ামী লীগ মানে না।" তিনি বলেন, আওয়ামী লীগ শেখ হাসিনাকে নিয়েই নির্বাচনে যেতে চায়। শেখ হাসিনাকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না। এ সময় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ডা.দীপু মণি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জিএনএ/১৪০৭ ঘ.