২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামালের পদত্যাগ

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল পদত্যাগ করেছেন। বুধবার তিনি আইন উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, 'মর্যাদা নিয়ে কাজ করা' সম্ভব না হওয়ায় পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল পদত্যাগ করেছেন। বুধবার তিনি আইন উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, 'মর্যাদা নিয়ে কাজ করা' সম্ভব না হওয়ায় পদত্যাগ করেছেন। আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে দীর্ঘ পৌনে পাঁচ ঘণ্টা বৈঠকের পর রাতে ফিদা পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের জানান। বিকেল সাড়ে তিনটায় আইন উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরুর পর থেকে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লে সংবাদকর্মীরা সেখানে ভিড় করেন। সচিবালয় ও আদালত পাড়াতেও এ নিয়ে আলোচনা চলতে থাকে। বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি বলেন, "আই হ্যাব প্লেসড মাই রেজিগনেশন লেটার।" পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, "ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।" পদত্যাগপত্র জমা দেওয়ার পর ফিদা এম কামাল সুপ্রিম কোর্টে নিজের দপ্তরে যান। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, "এখানে মর্যাদা নিয়ে কাজ করা সম্ভব হচ্ছিল না। সেজন্য পদত্যাগ করেছি।" সরকারের চাপে পদত্যাগ করেছেন কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "কোনো চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগ করেছি।" এ ব্যাপারে আইন উপদেষ্টা হাসান আরিফ রাতে সাংবাদিকদের বলেন, "ফিদা এম কামাল বিকেলে পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন। এতে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা উল্লেখ করেছেন।" উপদেষ্টা বলেন, "ব্যক্তিগতভাবে তার (ফিদা) সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভাল। আমি এটর্নি জেনারেল থাকা অবস্থায় তিনি অতিরিক্ত এটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেলেন। তিনি যখন এটর্নি জেনারেল হলেন, আমিও খুব খুশি হয়েছিলাম। তার কাছ থেকে সরকার খুব ভাল সার্ভিস পেয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় অনাগ্রহ সত্বেও আমাকে পদত্যাগপত্রটি গ্রহণ করতে হয়েছে।" পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ফিদা এম কামালের হঠাৎ পদত্যাগের কোনও বিশেষ কারণ আছে কি না- এ প্রশ্নের উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান হাসান আরিফ। নতুন করে কাউকে এটর্নি জেনরেল নিয়োগ দেওয়া হচ্ছে কী না- এ প্রশ্নেরও কোনো জবাব দেননি তিনি। ফিদা এম কামাল ২০০২ সালের ২৬ জুন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান। ২০০৭ সালের ৫ ফেব্র"য়ারি তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ২০০৩ সালের ২৭ মে আপিল বিভাগে সিনিয়র আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৬ সালের ১৬ জুলাই আপিল বিভাগের আইনজীবী হন ফিদা। তার আগে হাইকোর্টের আইনজীবী হন ১৯৮১ সালের ২৬ জুন। ১৯৭৮ সালের ২১ নভেম্বর বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমকে/জিএমএ/জেকে/এমএইচবি/২২০৮ ঘ.