ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- '৭২ এর গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ রহিত করে নতুন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে নীতিগত অনুমোদন করার বিষয়টি সরাসরি প্রত্যাখান করেছে আওয়ামী লীগ।
দলটির সভাপতিমণ্ডলীর এক জরুরি বৈঠক শেষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আমরা এই নীতিগত অনুমোদনের বিষয়টি সরাসরি প্রত্যাখান করছি। মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও শহীদদের রক্তের সঙ্গে কেউ বেঈমানি করলে তা মেনে নেওয়া হবে না।" (বিস্তারিত)
তিনি এ প্রসঙ্গে আশা প্রকাশ করে আরো বলেন, "সংলাপে আওয়ামী লীগসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সরকার '৭২ এর গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন করে শুভবুদ্ধির পরিচয় দেবে।"
'এভাবে চলতে থাকলে' সরকার একটু একটু করে জনগণের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের দিকে যাবে বলে মন্তব্য করেন আশরাফ।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় এই বেঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে আশরাফুল ইসলাম বলেন, "আমরা টেস্ট কেস হিসাবে সিটি কর্পোরেশন নির্বাচনে গেছি। এর মানে এই নয় যে, আমরা স্থানীয় সরকার নির্বাচনে যাবো।"
সরকারের নীতি নির্ধারকদের উদ্দেশে আশরাফ বলেন, "দেশে শান্তি বিরাজ করছে। দেশকে অশান্তির দিকে ঠেলে দেবেন না।"
২০০৮ সালের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে সরকার ও জনগণের চুক্তি থাকবে না মন্তব্য করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "তখন যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে সরকার তা রুখতে পারবে না।"
স্থানীয় সরকার আইন প্রসঙ্গে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "এটা একটা অশুভ লক্ষণ। দেশের পুরোপুরি বিরাজনীতিকরণের জন্য এটা করা হয়েছে। আশা করি, সরকার এটা থেকে বিরত থাকবে। স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো পরোক্ষভাবে অংশ নেবে। এতে বাধা দিলে তা গ্রহণযোগ্য হবে না।"
সৈয়দ আশরাফুল ইসলাম অভিযোগ করেন, সংলাপে সরকারের নীতিনির্ধারকরা তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে একমত হলেও তারা তাদের ইচ্ছামতোই কাজ করে যাচ্ছেন।
দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে আগামী ১৯ জুলাই ঢাকাসহ দেশব্যাপী আওয়ামী লীগের গণ অনশনের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন,"দেশের অর্ধেক মানুষ দারিদ্য্রসীমার নিচে বাস করছে। অনেকে দু'বেলা খাবার জোগাড় করতে গিয়ে কাপড়-চোপড় কিনতে পারছে না। অনেকে ছেলে - মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিয়েছে।"
দলীয় সভানেত্রীর বিষয়ে এক প্রশ্নের জবাবে আশরাফ জানান, বুধবার রাতে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। ১৭ জুলাই তার সঙ্গে শেখ হাসিনার দেখা হবে। স্বাভাবিকভাবেই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় সভানেত্রীর সঙ্গে আলোচনা হবে তার।
জিল্লুর রহমানের সভাপতিত্বে সভাপতিমণ্ডলীর বৈঠকে আরো উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও মতিয়া চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২০৫০ঘ.
bdnews24