২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোফায়েলের মেয়ের দুর্নীতি মামলার কার্যক্রম ২ মাস স্থগিত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের মেয়ে ডা. তাসলিমা আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম ২ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই, ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের মেয়ে ডা. তাসলিমা আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম ২ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলের জন্য ডা. তাসলিমার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা এ মামলাটিতে ডা. তাসলিমার বিরুদ্ধে কার্যক্রম কেন বাতিল করা হবে না আগামী চার সপ্তাহের মধ্যে সরকার ও দুদককে তার কারণ দর্শাতে বলা হয়েছে। এর আগে গত ২ জুন দুর্নীতির এ মামলায় তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ ও কন্যা ডা. তাসলিমা আহমেদ জামানকে চার মাস বা এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল যেটি আগে হয় সেই সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিয়েছিল হাইকোর্ট। ডা. তাসলিমার পক্ষে মামলা বাতিলের আবেদনটির ওপর শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও ইউসুফ হোসেন হুমায়ুন। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন। গত ২৯ মে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী রমনা মডেল থানায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেন। তোফায়েলের স্ত্রী ও কন্যার বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়। মামলায় তাদের বিরুদ্ধে ২ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৪১৭ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ৮৬ লাখ ৯ হাজার ২ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯৩২ঘ.