ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাষ্ট্রের পাশাপাশি সামাজিক ও ব্যক্তি উদ্যোগের সমন্বয় না হলে দারিদ্র্য বিমোচন সম্ভব নয় বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেন, "দারিদ্র্য সমস্যা সমাধান করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। তবে রাষ্ট্রের পাশাপাশি সামাজিক ও ব্যক্তি উদ্যোগগুলোর সমন্বয় না হলে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়।"
সফররত নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান প্রফেসর ওলে ডানবোল্ট মিয়সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে গেলে সাক্ষাতের পরে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
নোবেল চেয়ারম্যানের সঙ্গে আলাপের বিষয় জানাতে গিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, "দেশের শিক্ষাব্যবস্থা, নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।"
শুধু শিক্ষার সুযোগ না বাড়িয়ে শিক্ষাকে মানসম্পন্ন করে তুলতে হবে মন্তব্য করে তিনি বলেন, কেবল শিক্ষার সুযোগ বাড়ালেই হবে না। তা (শিক্ষা) মানসম্পন্ন হতে হবে। মানসম্পন্ন শিক্ষা ছাড়া তা মানুষের সহায়ক হবে না।
নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে 'বিশ্বদূত' উল্লেখ করে হোসেন জিল্লুর বলেন, "তাঁর মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পরিচিতি আরো বেড়েছে।"
নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান প্রফেসর ওলে ডানবোল্ট মিয়স এবং নোবেল পিস সেন্টারের পরিচালক রেনটে এরিকসেন ছয় দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় আসেন।
শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তারা এ সফরে এসেছেন।
নোবেল কমিটির চেয়ারম্যানের পর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েন এবং ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন কবীর শিক্ষা উপদেষ্টার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/কিউএইচ/এমএ/১৯১০ ঘ.
bdnews24