২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকার জামিন ৩১ জুলাই পর্যন্ত বাড়লো

সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদের মালিক হওয়ার মামলায় ঢাকার মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার জামিন ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে হাইকোর্ট। মামলাটির কার্যক্রমের ওপর আদালতের স্থগিতাদেশের মেয়াদও ওই তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। খোকার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 01:20 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই, ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদের মালিক হওয়ার মামলায় ঢাকার মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার জামিন ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে হাইকোর্ট। মামলাটির কার্যক্রমের ওপর আদালতের স্থগিতাদেশের মেয়াদও ওই তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। খোকার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। এর আগে গত ৭ জুলাই নিম্ন আদালত এ মামলায় খোকার বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানা জারি করে। খোকার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওইদিনই মামলাটির কার্যক্রম ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করে দেয় এবং ওই তারিখ পর্যন্ত তাকে জামিন দেয়। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শামসুল আলম গত ২ এপ্রিল রমনা থানায় এ মামলা দায়ের করেন। খোকা ছাড়াও তার স্ত্রী, ছেলে-মেয়েকে এতে আসামি করা হয়। গত ২ জুলাই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, খোকা অবৈধভাবে ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার সম্পত্তির মালিক হয়েছেন এবং দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে ৯ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৬০৯ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। অভিযোগপত্রে খোকার মেয়ে সারিকা সাদেক ও ছেলে ইসরাক হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। এছাড়া উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে খোকার স্ত্রী ইসমত আরার বিরুদ্ধে অভিযোগ আপাতত স্থগিত রাখার কথা বলা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারাধীন। খোকার আবেদনের ওপর বুধবার হাইকোর্টে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খোরশেদ আলম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/১৯২১ ঘ.