২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণ বিধি লঙ্ঘন: রাজশাহীতে লিটনকে সতর্ক করে ইসি'র চিঠি

আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে জনসংযোগ করায় রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি তাকে নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 12:05 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে জনসংযোগ করায় রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি তাকে নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব সৈয়দ মু. খুরশিদ আনোয়ার ও সিনিয়র সহকারী সচিব (পৌর) মো. আবদুল বাতেন স্বাক্ষরিত একটি চিঠি গত মঙ্গলবার রাজশাহীর উপ-নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে রাজশাহীর বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, "সিটি করপোরশন নির্বাচন নির্দলীয় নির্বাচন। কিন্তু পত্রিকা ও টিভিতে প্রচারিত বিভিন্ন ছবিতে রাজশাহী সিটি নির্বাচনে মেয়র প্রার্থী এ এইচ এম খারুজ্জামানকে (লিটন) প্রায়শ তার দলীয় (আওয়ামী লীগ) কার্যালয়ের সামনে দাঁড়িয়ে জনসংযোগ বা বক্তব্য দিতে দেখা যায়। এটি সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের শামিল।" রাজশাহী সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার সৈয়দ মোহাম্মদ মুসা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাকে (লিটন) প্রাথমিকভাবে সতর্ক করে দিয়ে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে বলা হয়েছে। তা না হলে কমিশন পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেবে। আগামীতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত ব্যাপারে তিনিও আমাদের কথা দিয়েছেন।" আগামী ৪ আগস্ট চার সিটি ও নয় পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর, ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ১৬০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নির্বাচনী এলাকাগুলোতে আইন ও বিধির যথার্থ প্রয়োগ নিশ্চিত করতে রিটার্নিং অফিসারের নেতৃত্বে তিন সদস্যের ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, চার সদস্যের নির্বাচন মনিটরিং টিম এবং পাঁচ সদস্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন হচ্ছে। এসব কমিটি সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনকে প্রতিবেদন দেবে। এছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার শেরেবাংলা নগরের এনইসি মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮০০ ঘ.