ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টতাহীন অধ্যাদেশ জারির এখতিয়ার সম্পর্কিত হাইকোর্টের রায় স্থগিতের জন্য সরকার বুধবার আপিল বিভাগে আবেদন জানিয়েছে।
সরকারের পক্ষে অ্যাডভোকেট বি হোসেন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহুরুল ইসলাম মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদনটির ওপর শুনানি হবে।
গত ১৩ তারিখে হাইকোর্টের ওই আদেশে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাষ্ট্রপতি অতিপ্রয়োজনীয় না হলে এবং নির্বাচনের সঙ্গে সম্পর্কহীন কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না।
বাংলাদেশ কাজী সমিতির সভাপতি পীরজাদা কাজী সৈয়দ শরিয়ত উল্লাহসহ ছয় জন কাজীর করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ বি এম খায়রুল হক ও আবু তারিকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
রায়ে বলা হয়, 'রাষ্ট্রপতি বা তত্ত্বাবধায়ক সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। এ ধরনের অগণতান্ত্রিক সরকারের মেয়াদ যত কম হয় ততই সবার জন্য মঙ্গল।'
আদালত এ কারণ দেখিয়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাষ্ট্রপতির জারি করা 'মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন অধ্যাদেশ' অবৈধ ঘোষণা করে। এ অধ্যাদেশে কাজীদের নিয়োগ ও বরখাস্তের ক্ষমতা জেলা প্রশাসকদের হাতে ন্যস্ত করা হয়েছিল।
রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারের চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রক্ষমতা অনেক সংকুচিত মন্তব্য করে রায়ে বলা হয়, 'অতিপ্রয়োজনীয় বা নির্বাচনের সংশ্লিষ্ট হলে কোনো অধ্যাদেশ জারি করা যায়। অন্যথায় তা এখতিয়ার বহির্ভূত। সংবিধানের কাঠামোর বাইরে মহল বিশেষের চাহিদামতো রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ালে জনগণের ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে।'
রায়ের অভিমতে বলা হয়, 'রাষ্ট্রপতিকে সন্তুষ্ট হতে হবে যে, এ ধরনের অধ্যাদেশ জারি না করলে নির্বাচন ব্যাহত হবে। এ ক্ষেত্র ছাড়া তিনি অন্য কোনো ক্ষেত্রে অধ্যাদেশ জারি করতে পারেন না।'
রাষ্ট্রপতির জারি করা 'মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন অধ্যাদেশ ২০০৮' বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত বিষয় নয় মন্তব্য করে আদালত বলেছে, 'এই অধ্যাদেশ জারি সংবিধানের ৯৩ ও ৯৮ ঘ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বহির্ভূত। তাই অধ্যাদেশটি সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হল। এই অধ্যাদেশ জারির ২০ ফেব্র"য়ারির স্মারকও অবৈধ ঘোষণা করা হল।'
কাজীদের নিয়োগ ও বরখাস্তের ক্ষমতা আইন মন্ত্রণালয়ের পরিবর্তে জেলা প্রশাসকদের হাতে দিয়ে গত ২০ ফেব্র"য়ারি মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।
অধ্যাদেশটি ও অধ্যাদেশ জারির ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ কাজী সমিতির সভাপতি পীরজাদা কাজী সৈয়দ শরিয়ত উল্লাহসহ ছয়জন কাজী গত ১৩ মার্চ রিট আবেদন করেন। হাইকোর্ট এরপর সরকারের প্রতি রুল জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/১৭২৮ ঘ.
bdnews24