ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপদেষ্টা পরিষদে নীতিগতভাবে অনুমোদিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশকে 'গণবিরোধী 'ও 'অসাংবিধানিক' বলে প্রত্যাখ্যান করেছেন বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
'মৌলিক অধিকার ও মানবাধিকার' দিবস পালন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে চার দলীয় ঐক্যজোটের সমাবেশে দেলোয়ার অভিযোগ করেন, "রাজনৈতিক দল নিয়ন্ত্রণের জন্য সরকার এই গণবিরোধী অধ্যাদেশ অনুমোদন দিয়েছে। কিন্তু অবৈধ ও অসাংবিধানিক অধ্যাদেশ জনগণ মেনে নেবে না।"
সংসদ ছাড়া এ রকম অধ্যাদেশ অনুমোদনের বৈধতা সম্পর্কে প্রশ্ন তুলে সাবেক প্রধান হুইপ বলেন, "এটি পুরোপুরি অবৈধ। আগের গণপ্রতিনিধিত্ব আইনে বহু নির্বাচন হয়েছে। ২০০১ সালে এ দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ওই আইনেই হয়েছে। তাই জনগণ সরকারের উদ্দেশ্য বুঝে গেছে।"
দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলীয় নেতাদের মুক্তি ও জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, "আমরা নেত্রীর মুক্তি ও জরুরি অবস্থা প্রত্যাহার চাই। কোনো গোপন আঁতাত বা ষড়যন্ত্রের মাধ্যমে কারো সঙ্গে কোনো আপসে যাবে না বিএনপি।"
অসুস্থ তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে বিদেশে না পাঠানোয় সরকারের কঠোর সমালোচনা করেন দোলোয়ার।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন, "জোট সরকারের আমলে দারিদ্র বিমোচন কর্মসূচির সফল বাস্তবায়নে শতকরা ৯ ভাগ দারিদ্র দূর হয়েছে। অথচ আজ ১৮ মাসে দেশের আট কোটি মানুষ দারিদ্রসীমায় এসে পৌঁছেছে।"
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, সহসভাপতি অধ্যাপিকা সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, খেলাফত মজলিশের আমীর মাওলানা মোহাম্মদ ইছহাক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/২০০২ ঘ.
bdnews24