ঢাকা, জুলাই, ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোঃ আবদুল মতিনের আদালত হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য দুর্নীতি দমন কমিশনের দায়ের করা আবেদন সরাসরি খারিজ করে দেন। আদালত দুদককে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করতে বলেছে।
গত ৯ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশ স্থগিতের জন্য দুদক সোমবার আপিল বিভাগে আবেদন দায়ের করে।
এই আবেদনের ওপর দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ।
আদেশের পর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন চেম্বার বিচারপতির আদালত গ্রহণ করেনি। আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদককে লিভ টু আপিল দায়ের করতে বলেছে।"
খালেদা জিয়ার একজন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আপিল বিভাগের এই আদেশের ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকবে।
দুদকের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলম ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে আসামিরা রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতি করেছেন।
গত ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। সেখানে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।
আওয়ামী লীগ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও কথিত নাইকো দুর্নীতি নিয়ে পৃথক মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৫৪৯ ঘ.
bdnews24