ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচনে রোববার প্রার্থী চূড়ান্ত হওয়ার পর সোমবার দেওয়া হয়েছে প্রতীক বরাদ্দ। এখন আচরণবিধি অনুসরণ করেই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবে। তবে কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি প্রার্থিতাও বাতিল করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)।
আচরণবিধি অনুযায়ী, প্রার্থী বা কোনো ব্যক্তি ভোটগ্রহণের নির্ধারিত তারিখের ২১ দিন (৩ সপ্তাহ) আগে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না। নির্বাচন বিধি অনুযায়ী, ভোটগ্রহণের পূর্ববর্তী ৩২ ঘণ্টা, ভোটের দিন সকাল ৮ টা থেকে রাত ১২ টা এবং ওই দিন রাত ১২ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা মিছিল, জনসভা, শোভাযত্রা ইত্যাদি করা যাবে না।
ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা চালাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি বিধিমালা কিছুটা শিথিল করেছে।
রোববার প্রার্থী চূড়ান্ত হওয়ার পর চারটি সিটি করপোরেশনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৯৯২ জন এবং নয় পৌরসভায় সবমিলিয়ে ৬০৮।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, আসন্ন সিটি ও পৌরসভা নির্বাচনে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি প্রার্থিতাও বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন অরাজনৈতিক নির্বাচন হওয়ায় এসব প্রচারণায় কোনো রাজনৈতিক দল যেন কোন প্রার্থীর পক্ষে সরাসরি জড়িত না হয় সে ব্যাপারে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
ইসি সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব মো. আব্দুল বাতেন জানান, তফসিল ঘোষণা থেকে ভোটের দিন পর্যন্ত কোন প্রার্থী বা তার পক্ষে কোন ব্যক্তি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে অনধিক ছয় মাসের কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার অর্থদণ্ড অথবা উভয়দণ্ড দেওয়ার বিধান রয়েছে।
নির্বাচন বিধি ও আচারণবিধি লঙ্ঘনের জন্য 'প্রাক নির্বাচনী তদন্ত কমিটি' গঠিত না হলেও নির্বাচন কমিশন প্রয়োজনে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে।
এ ব্যাপারে তিনি জানান, নির্বাচন পূর্ব অনিয়ম তদন্তে 'ইলেক্টোরাল এনকোয়ারি কমিটি' নেই বলে ইসি বিধিমালায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ সাপেক্ষে অপরাধ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা রেখেছে।
তবে কমিশন চাইলে যে কোনো সময় নতুন বিধি করে পৃথক একটি তদন্ত কমিটিও করতে পারবে বলেও জানান তিনি।
প্রার্থী বা নির্বাচনী এজেন্টের বিষয়ে কোনো উৎসের মাধ্যমে প্রাপ্ত রেকর্ড বা মৌখিক বা লিখিত রিপোর্ট হতে বিধি লঙ্ঘনের অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।
নির্বাচনী প্রচারণায় একাধিক রঙের কিংবা নির্ধারিত আকারের চেয়ে বড় পোস্টার ব্যবহার করার ব্যাপারে নিষেধাজ্ঞাসহ আরও ২০টি নিষেধাজ্ঞা রয়েছে নির্বাচনী প্রচারণা বিধিতে।
আগামী ৪ আগস্ট চার সিটি ও নয় পৌরসভায় একযোগে নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমএ/১৬২৩ ঘ.
bdnews24