ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেয়ারপারসন খালেদা জিয়া মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ট্রানজিট দেওয়ার চুক্তি করার কোন সাংবিধানিক অধিকার এই সরকারের নেই।
তিনি বলেন, "এ সরকার যদি নিদর্লীয় নিরপেক্ষ হয় তাহলে সংবিধান নির্দেশিত পথেই তাকে চলতে হবে। এখতিয়ারবহির্ভূত কোন কাজ করলে যে কোন পরিস্থিতির উদ্ভব হতে পারে।"
রোববার সকালে তাঁর ন্যামভবনের বাসায় দলের তেজগাঁও থানার নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে দেলোয়ার এ মন্তব্য করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
তিনি অভিযোগ করেন, "বর্তমানে দেশে কলকাঠি নাড়ানো হচ্ছে বাইরে থেকে, আর এদেশে কিছু পুতুল নাচানাচি করছে।"
খোন্দকার দেলোয়ার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন।
খালেদা জিয়ার মুক্তি এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতে তিনি ফের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৫০ ঘ.
bdnews24