ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র সাদেক হোসেন খোকার জামিন ও দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর ২৪ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আবদুল মতিন রোববার শুনানির এ তারিখ দেন।
এদিকে, সাদেক হোসেন খোকা রোববার সকালে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেছেন।
দুদকের পক্ষে খুরশিদ আলম খান রোববার হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদনের ওপর শুনানি করেন। খোকার পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক।
সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ৭ জুলাই বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ ১৬ জুলাই পর্যন্ত ঢাকার মেয়রের জামিন দেয়। সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মামলাটির কার্যক্রম একই তারিখ পর্যন্ত স্থগিতও করে হাইকোর্ট।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শামসুল আলম গত ২ এপ্রিল রমনা থানায় সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মামলাটি করেন। এজাহারে খোকার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়।
তাদের বিরুদ্ধে প্রায় ১৭ কোটি ৫৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৯ কোটি ৯৭ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিবি/এসএনডি/১৫৫১ ঘ.
bdnews24