২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বাসায় উপদেষ্টাদের বৈঠক করা অন্যায়: কাদের সিদ্দিকী

শেখ হাসিনার মুক্তির পর তার বাড়িতে 'সরকারি কর্মকর্তা' হিসেবে উপদেষ্টাদের বৈঠক করা অন্যায় হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষকশ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 08:20 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তির পর তার বাড়িতে 'সরকারি কর্মকর্তা' হিসেবে উপদেষ্টাদের বৈঠক করা অন্যায় হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষকশ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দায়িত্ব পালন করতেই উপদেষ্টারা সেখানে গিয়েছিলেন। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে সরকারের সংলাপ শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে কাদের সিদ্দিকী ও সরকারের পক্ষে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এসব কথা বলেন। ব্রিফিংয়ে কাদের সিদ্দিকী বলেন, "শেখ হাসিনাকে জেল থেকে মুক্তি দিয়ে তার বাড়িতে ছুটে গিয়ে সরকারি কর্মকর্তা হিসেবে উপদেষ্টাদের বৈঠক করা অন্যায় হয়েছে। এটা কোনমতেই যুক্তিযুক্ত নয়। এতে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে।" জবাবে হোসেন জিল্লুর বলেন, "উপদেষ্টারা সরকারি কর্মকর্তা নন। আমরা গিয়েছি বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালন করতে। সুষ্ঠু রাজনীতির উত্তরণে সবাইকে সম্পৃক্ত করে এবং আনুষ্ঠানিকতার বেড়াজালে না থেকে আমরা এগিয়ে চলেছি। এতে যা যা দরকার তা করা হবে। আমাদের কর্মকাণ্ডে ভবিষ্যতে সব সন্দেহের অবসান হবে বলে আমরা আশাবাদি। সময়ের বিচারে সব সন্দেহ গৌণ হয়ে যাবে। আমাদের কাছে সবাইই বিশেষ অতিথি।" এ বিষয়ে কাদের সিদ্দিকী আরো বলেন, "যদি উপদেষ্টারা সাধারণ মানুষ হিসেবে নেত্রীর বাসায় গিয়ে থাকেন এবং সৎ উদ্দেশে গিয়ে থাকেন তবে কোন সমস্যা নেই। কিন্তু ভবিষ্যতে দেখতে হবে অন্যান্য রাজনৈতিক দলের ডাকে তারা বাসায় ছুটে যান কিনা। যদি না গিয়ে থাকেন তবে বিষয়টি হবে দুঃখজনক।" সুচিকিৎসার জন্য শেখ হাসিনাকে সাময়িকভাবে মুক্তি দিয়ে এবং বিদেশ পাঠিয়ে সরকার ধন্যবাদ পাওয়ার দাবিদার বলেও মন্তব্য করেন কাদের সিদ্দিকী। কৃষকশ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী জানান, আন্তরিক পরিবেশে খোলামেলা সংলাপে আলোচনা হয়েছে। তারা ২৮ দফা লিখিত প্রস্তাব দিয়েছেন। এসব প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ, অনতিবিলম্বে জরুরি আইন প্রত্যাহার করা। লিখিত প্রস্তাবে যত তাড়াতাড়ি সম্ভব সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ারও প্রস্তাব দিয়েছে দলটি। প্রস্তাবে বলা হয়েছে, সেনাবাহিনী বেশি সময় জনগণের কাছে থাকলে ধীরে ধীরে তাদের কর্মদক্ষতা, শৃঙ্খলা ও সুনাম ব্যাহত হবে। তাদেরকে যেনতেন কাজে যত্রতত্র ব্যবহার না করাই শ্রেয়। যৌথ প্রেস ব্রিফিংয়ে কাদের সিদ্দিকী আরো বলেন, "বিদ্যুতের সমস্যার বিষয়টি আজকের সংলাপে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি। বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়, সচিবালয়, জাতীয় সংসদ এসমস্ত সরকারি স্থাপনায় গ্যাস জেনারেটরের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা চালু করতে বলেছি। এতে বিদ্যুৎ সমস্যা যথেষ্ট লাঘব হবে বলে আমি মনেকরি।" এক প্রশ্নের উত্তরে হোসেন জিল্লুর বলেন, "বিএনপিকে সংলাপে আসার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোন শর্ত দেওয়া হয়নি। সংলাপে অংশ নিতে তাদের আমন্ত্রণ জানানো এবং আগ্রহ এ দুই বিষয় অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে।" কাদের সিদ্দিকীর নেতৃত্বে দলের ১১ সদস্য বিশষ্ট প্রতিনিধি দল সংলাপে অংশ নেন। সরকারের পক্ষে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। সঙ্গে ছিলেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর ও স্থানীয় সরকার উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল। সোমবার যশোর এবং খুলনায় স্থানীয় পর্যায়ে দুটি সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান হোসেন জিল্লুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএল/জিএনএ/১৪১১ ঘ.