ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৯ জুলাই দেশব্যাপী গণঅনশন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এছাড়া সম্প্রতি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় ১৫ জুলাই বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ে প্রতিবাদ সভা করবে দলটি।
রোববার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক জরুরি বৈঠকে এ দুটি কর্মসূচি চূড়ান্ত হয়। বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সভার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী ও আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য খায়রুজ্জামান লিটনের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি বলে আশরাফুল ইসলাম জানান।
রাজশাহীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট কেন্দ্রীয়ভাবে ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশাকে প্রার্থী ঘোষণা করেছে। তবে লিটনও শনিবার পর্যন্ত তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি; রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। স্থানীয় আওয়ামী লীগ সেখানে লিটনকে প্রার্থী ঘোষণা করার জোর দাবি জানিয়ে আসছে।
খায়রুজ্জামান লিটন প্রার্থিতা প্রত্যাহার না করলে আওয়ামী লীগ কাকে সমর্থন দেবে জানতে চাইলে সৈয়দ আশরাফুল বলেন, "আপনারা অপেক্ষা করুন। বিকালের আগেই একটা ইতিবাচক খবর পাবেন।"
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
তিনি বলেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিশ্ববাজারের দোহাই দেওয়া উচিত নয়। সেখানে আয়ও বেশি, ব্যয়ও বেশি।"
জামাতের সমর্থনপুষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সম্মেলনে মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনার তীব্র প্রতিবাদ করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।"
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গত শুক্রবার জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সম্মেলনে গিয়ে লাঞ্ছিত হন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চক্কাশী গ্রামের মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী আমান।
সৈয়দ আশরাফুল কারাবন্দি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সিলেটের মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, "কারও চিকিৎসা নিয়ে রাজনীতি করবেন না। কারও সঙ্গে কারও যোগসূত্র করে চিকিৎসা না করা অনৈতিক।"
দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ও কার্যনির্বাহী সংসদের সদস্য আখম জাহাঙ্গীর হোসাইনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আশরাফুল ইসলাম বলেন, "এগুলো মিথ্যা মামলা। আজকাল পানের দোকানদারের কাছেও ১০ লাখ টাকা থাকে। আওয়ামী লীগ নেতাদের হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলাগুলো করা হয়েছে।"
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় অনুষ্ঠিত সভাপতিমণ্ডলীর ওই বৈঠক সকাল ১১টা থেকে বেলা ১২ টা পর্যন্ত চলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪১০ ঘ.
bdnews24