বরিশাল, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিবাজদের সঙ্গে আপস না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার মনে হয় আপস করছে। আপস করবেন না। আইনের পথে থাকুন। যারা চিহ্নিত দুর্নীতিবাজ তাদের শাস্তি দিন। যারা নির্দোষ তাদের মুক্তি দিন।"
শনিবার বরিশাল নগরীরর বরিশাল মিলনায়তনে জাতীয় পার্টির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন।
তিনি বলেন, "আইনকে পাশ কাটিয়ে দুর্নীতিবাজদের সঙ্গে সংলাপে বসবেন না। বিএনপি সরকার গত পাঁচ বছর লুটপাট করেছে। তাদের সংলাপে ডাকবেন না।"
এরশাদ বলেন, "খালেদা জিয়া বলেছিলেন- আমার ঠিকানা কারাগার। আজ তিনিই কারাগারে। অন্যায় করেছেন তাই তার ফল ভোগ করতে হচ্ছে তাকে।"
সাময়িক মুক্তি দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিদেশে যেতে দেওয়ায় সরকারের সমালোচনা করেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, "আমরা ক্ষমতায় গেলে দেশে আটটি প্রদেশ করে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করবো। বরিশাল হবে একটি প্রদেশের রাজধানী।"
জাতীয় পার্টির বিভাগীয় সমন্বয়কারী ও প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ। প্রধান বক্তা ছিলেন- মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২১ ঘ.
bdnews24