ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সাময়িক মুক্তির মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে চতুর্থ দফায় তার মুক্তির মেয়াদ বাড়ল।
জলিল বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মিজানুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল জলিলের প্যারোলের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে গত ২ মার্চ আব্দুল জলিলকে প্রথম দফায় এক মাসের মেয়াদে মুক্তি দেয় সরকার। পরদিন তিনি সিঙ্গাপুর রওনা হন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে ২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার করা হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ১৫ জুলাই তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি, হৃদরোগ ও চোখের সমস্যায় ভুগছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এমকে/এমইউএ/এসএনডি/১৯১৪ ঘ.
bdnews24