ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা, জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজমের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে কর্মী সমাবেশ ও প্রতীক অনশনসহ সপ্তাহব্যাপী কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।
শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচিগুলো হচ্ছে- আগামী ১৪ জুলাই ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ কর্মী সমাবেশ, ১৬ জুলাই দেশের সব উপজেলায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতীক অনশন, ১৭ জুলাই সব জেলা ও মহানগরীতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতীক অনশন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা ও জরুরি অবস্থা প্রত্যাহারের দাবিতে ১৯ জুলাই দেশব্যাপী দাবী দিবস পালন।
যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মিজানুর রহমান।
তিনি বলেন, "সরকারের দুর্নীতি দমন অভিযান বর্তমানে রাজনীতি দমন অভিযানে পরিণত হয়েছে। আর দেশকে নেতৃত্বশূন্য ও বিরাজনীতিকরণের লক্ষ্যেই এটা করা হচ্ছে।"
ড. মিজানুর রহমান অভিযোগ করেন, "যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজমকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাদেরকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে।"
শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে হয়রানিমূলক দাবি করে তিনি বলেন, "চলমান সংলাপ সফল ও নির্বাচনে আস্থার পরিবেশ সৃষ্টির জন্য শেখ হাসিনা ও নানক-আজমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা এ সব মিথ্যা মামলা প্রত্যাহার অপরিহার্য।"
সংবাদ সম্মেলনে শেখ হাসিনার স্থায়ী মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩৫২ ঘ.
bdnews24