২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনির্বাচিত সরকারের কোনো নৈতিক শক্তি নেই: মুজাহিদ

অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার দুর্বল এবং এ সরকারের কোনো নৈতিক শক্তি নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

পঞ্চগড়, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার দুর্বল এবং এ সরকারের কোনো নৈতিক শক্তি নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি বলেন, "অনির্বাচিত কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকার দুর্বল। তাদের কোনো নৈতিক শক্তি নেই। সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি তাদের লোভ-লালসা দিয়ে কিনে নিতে পারে।" শুক্রবার বিকেলে পঞ্চগড় সরকারি মিলনায়তনে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের এক সমাবেশে মুজাহিদ এ কথা বলেন। তিনি বলেন, "আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে এ সরকার বৈতরণী পার হতে চায়। এজন্য দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনাকে মুক্তি দিলেও নিজামীকে জেলে আটকে রাখা হয়েছে।" ভারতকে সাম্রাজ্যবদী শক্তি হিসেবে উল্লেখ করে মুজাহিদ বলেন, "ভারত মামাবাড়ির আবদারের মতো আবারও ট্রানজিটের জন্য বায়না ধরেছে। ট্রানজিট দেওয়ার পাঁয়তারা চললে জামায়াত ইসলামী তা রুখে দিতে সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে।" মুজাহিদ রোড শোকে তামাশা হিসেবে উল্লেখ করেন। রোড শো'র পেছনে সরকারের লাখ লাখ টাকা ব্যয় করারও সমালোচনা করেন তিনি। জেলা আমির মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আমির মো. আব্দুল হাকিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৪ ঘ.