রাজশাহী, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দলীয় জোটের সমর্থন পাওয়া মেয়র প্রার্থী ফজলে হোসেন বাদশাকে বয়কটের ঘোষণা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
বাদশাকে সমর্থন দেওয়ার প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেন তারা।
১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশাকে মেয়র প্রার্থী করার খবর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিক্ষুব্ধ নেতারা শহরের কুমারাপাড়ার কার্যালয়ে যান। তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেন।
পরে কার্যালয়ের সামনে তাৎক্ষণিক সমাবেশ করে মহানগর কমিটির সহ-সভাপতি আলহাজ রফিক উদ্দিন আহমেদ বলেন, "আজীবন আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলেছি। আজকের পর থেকে আমরা কেন্দ্রীয় কমিটির আর কোন সিদ্ধান্ত মানব না।"
তিনি বলেন, "আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ফজলে হোসেন বাদশাকে মেয়র পদে মনোনীত করে আমাদের পরীক্ষিত নেতা ও শহীদ কামারুজ্জামান হেনার ছেলে খায়রুজ্জামান লিটনকে 'কোরবানি' দিতে চাচ্ছেন।"
রফিক উদ্দিন আহমেদ বলেন, "প্রতিটি ওয়ার্ড, থানা ও মহানগর কমিটি ছাড়াও নাগরিক কমিটির সমর্থন লিটনের পক্ষে। তা সত্ত্বেও কেন্দ্রীয় কমিটি কীভাবে বাদশাকে মনোনয়ন দিয়েছে তা আমাদের বোধগম্য নয়।"
তিনি বলেন, "রাজশাহীতে কোন ১৪ দল নেই। আছে আওয়ামী লীগ আর জাসদ। আজ থেকে রাজশাহীতে আমরা ১৪ দলকে বর্জন করলাম।"
মহানগর কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে রাজশাহীর মেয়র প্রার্থী মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানান।
তিনি বলেন, "যদি মেয়র প্রার্থীর বিষয়টি পুনর্বিবেচনা করা না হয় তাহলে আপনাদের কোন সিদ্ধান্ত রাজশাহী আওয়ামী লীগ মানবে না।"
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেডু সরকার বলেন, "ফজলে হোসেন বাদশা ও তার সমর্থকদের রাজশাহী মহানগরীতে যখন যে ওয়ার্ডে পাওয়া যাবে সেখানেই ধাওয়া করে বিতাড়িত করা হবে।"
বিক্ষোভ সমাবেশে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুর রহমান বাদশা, যুবলীগের মহানগর কমিটির যুগ্ম সম্পাদক মির্জা শোভা, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল মোমিন, মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসমত আরাসহ সব অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২২০৭ ঘ.
bdnews24