২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া চূড়ান্ত

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী দু'একদিনের মধ্যে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 09:57 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী দু'একদিনের মধ্যে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "আগামী দু'একদিনের মধ্যে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। ইতিপূর্বে পুনর্নির্ধারিত ১৩৩টি নির্বাচনী এলাকার মধ্যে সব্বোর্চ ৯০ টি আসনে সামান্য কিছু পরিবর্তন এসেছে।" গত ২৯ এপ্রিল ইসি ৩০০ সংসদীয় আসনের খসড়া গেজেট প্রকাশ করে। এর মধ্যে ১৩৩ টি আসনে সীমানা পুনর্নির্ধারিত হয়। আসন্ন সিটি ও পৌর নির্বাচনে বিদ্যমান আইন বাস্তবায়নে কমিশন কঠোর পদক্ষেপ নেবে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, "নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি লঙ্ঘন করলেও ব্যবস্থা নেওয়া হবে।" সাখাওয়াত হোসেন জানান, রাজশাহী সিটি করপোরেশনে প্রার্থীদের মনোনয়নপ্রত্র যাচাই বাছাইয়ের সময় আপিল কর্তৃপক্ষ গর্হিত কাজ করেছে প্রমাণ হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আকতারুজ্জামান (আপিল কর্তৃপক্ষ) গত ৮ জুলাই রিটার্নিং কর্মকর্তার বাতিলকৃত পাঁচটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। তবে ইসি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তকেই সঠিক মনে করে এবং আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে 'গর্হিত' বলে আখ্যা দিয়েছে। ইসি জানায়, ঋণখেলাপি ও লাভজনক পদে অধিষ্ঠিত থাকায় রিটার্নিং অফিসার (উপ নির্বাচন কমিশনার) এই পাঁচজনের মনোনয়ন বাতিল করে। পরে তারা ঋণশোধ করে এবং স্বীয় পদ (ওএমএম ডিলার) থেকে ইস্তফা দিয়ে আপিল করলে তা গৃহীত হয়। কিন্তু ইসি মনে করে, আইন বহির্ভূতভাবে আপিল কর্তৃপক্ষ তাদের বৈধ ঘোষণা করে। সাখাওয়াত হোসেন জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংস্থাপন মন্ত্রণালয়কে লিখিত চিঠি দেবে ইসি । সেই সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের নির্বাচনী প্রচারণাকালে পর্যবেক্ষণে রাখবে। আইন লঙ্ঘনে সর্বোচ্চ শাস্তি হিসাবে প্রাথিৃতা বাতিলের ক্ষমতা ইসির রয়েছে। আগামী ১৩ জুলাই মনোনয়নপ্রত্র প্রত্যাহারের পর কোন রাজনৈতিক দলকে প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রচারণায় অংশ না নেওয়ারও আহবান জানান সাখাওয়াত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমএ/১৫৫২ ঘ.