ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো: মহিউদ্দীনকে ১০ বছরের সশ্রম ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো: আশরাফ হোসেন এ রায় দেন।
এছাড়াও অবৈধভাবে অর্জিত তার সমস্ত সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে আদালত।
গত ২ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনরে (দুদক) উপ সহকারী পরিচালক মীর আফজাল হোসেন মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, মহিউদ্দীন তিন কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ২৮৫ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন ও তথ্য গোপন করেছেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট হারুন-উর রশিদ।
মহিউদ্দনীন পলাতক রয়েছেন। তার আটক বা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমএ/১৫৩৩ ঘ.
bdnews24