ঢাকা, জুলাই, ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ছয়টি মামলায় আলাদাভাবে অভিযুক্ত এক ছেলে ও পাঁচ স্ত্রীর বিরুদ্ধে কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের বেঞ্চ অভিযুক্তদের আলাদা রিটের ওপর একসঙ্গে চূড়ান্ত শুনানি গ্রহণ করে এ রায় দেন।
অভিযুক্তরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের স্ত্রী নাসরিন খান, তাদের ছেলে ফয়সাল মোরশেদ খানের স্ত্রী শামা শাজনীন খান, ওয়ার্ড কমিশনার আবদুল কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের স্ত্রী শাহিদা কামাল, সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ও দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুলের ছেলে শামিম ইসলামের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্ট।
কমিশন আইন অনুযায়ী নোটিশ না দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করায় এর বৈধতা চ্যালেঞ্জ করে অভিযুক্তরা মামলা বাতিলের আবেদন করেন।
রিটগুলোর ওপর অভিযুক্তদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট আহসানুল করিম। কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
গত বছর ১০ ডিসেম্বর রাজধানীর গুলশান থানায় মোরশেদ খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে আলাদা দুটি মামলা করে কমিশন। মোরশেদ খানের মামলায় নাসরিন খান ও তাদের ছেলের মামলায় শামা শাজনিন খানের বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়।
একই বছর ২৪ মার্চ রাজধানীর বাড্ডা থানায় ওয়ার্ড কমিশনার আবদুল কাইয়ুমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করে কমিশন। তার স্ত্রী শামিম আরার বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়।
রাজধানীর রমনা থানায় গত বছর ২৪ সেপ্টেম্বর কামাল মজুমদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে কমিশন। মামলায় তার স্ত্রী শাহিদা কামালের বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়।
গত বছরের ২০ আগস্ট রাজধানীর রমনা থানায় নুরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা করে কমিশন। তার ছেলে শামিম ইসলামের বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়।
একইভাবে রুহুল কুদ্দুস তালুদকার দুলুর স্ত্রী সাবিনার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনে দুলুকে সহযোগিতার অভিযোগে মামলা দায়ের করে কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিসি/এমএ/১৯৩২ ঘ.
bdnews24