ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতকে চট্টগ্রাম বন্দর সুবিধা ও ট্রানজিট না দেওয়ার দাবিতে আগামী ১৭ জুলাই সারাদেশে 'আগ্রাসন প্রতিরোধ দিবস' পালনের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট।
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জোটের সমাবেশে বিএনপির চেয়ারপারসন মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা দেন।
দেলোয়ার বলেন, আগামী ১৮ জুলাই ভারত ও বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক হবে। বৈঠকে ভারতকে ট্রানজিট ও চট্টগ্রাম বন্দর সুবিধা দেওয়ার চুক্তি হবে- এই সন্দেহ প্রকাশ করে তা প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
দেলোয়ার বলেন, "কোনো দেশের সঙ্গে আর্ন্তজাতিক চুক্তি করার অধিকার সংবিধান এ সরকারকে দেয়নি। একটি কুচক্রি মহলের ইন্ধনে এ চুক্তি হতে যাচ্ছে। বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার যে কোনো ষড়যন্ত্র চারদলীয় জোট প্রতিহত করবে।"
আগামী ১৭ জুলাই 'আগ্রাসন প্রতিরোধ দিবস' পালনের অংশ হিসেবে চার দলীয় জোট সারাদেশে সমাবেশ করবে বলে জানান তিনি।
জরুরি অবস্থা দীর্ঘায়িত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে খোন্দকার দেলোয়ার সমাবেশে বলেন, "সরকার বলছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাহলে কার স্বার্থে জরুরি অবস্থা বহাল রাখা হয়েছে?"
জরুরি অবস্থা জারিকে অসাংবিধানিক ও উদ্দেশ্যমূলক আখ্যায়িত করে এ ব্যাপারে প্রধান উপদেষ্টার ব্যাখ্যা দাবি করেন তিনি।
সরকারকে উদ্দেশ্য করে দেলোয়ার বলেন, "দেশের মানুষকে প্রিয় সৈনিকদের মুখোমুখি দাঁড় করিয়ে ভিন্ন পরিস্থিতির সৃষ্টি করবেন না। বিদেশি বন্ধুদেরও বলব, আপনারা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না।"
বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, "কোনো অজুহাতে বাংলাদেশকে আফগানিস্তান বা ইরাকের মতো অবস্থায় নিয়ে যেতে দেওয়া হবে না।''
এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান দেলোয়ার।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীসহ রাজনৈতিক নেতাদের মুক্তি এবং অসুস্থ তারেক রহমান ও আরাফাত রহমানকে বিদেশে পাঠানোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারেরর প্রতি অনুরোধ জানান তিনি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন, "সরকার একদিকে বলছে, তারা রাজনীতি করবে না। অথচ অন্যদিকে তারা সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন দিয়ে নিজেদের লোকদের নির্বাচিত করার ষড়যন্ত্র করছে। এ নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না।"
জরুরি অবস্থা প্রত্যাহারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চার দলীয় জোট ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এ সমাবেশ করে।
দেলোয়ারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিশের আমীর মাওলানা মোহাম্মদ ইছহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২০১১ ঘ.
bdnews24