২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. মোশাররফ, তৈয়বুর, আমান ও তৈমুরের মামলা স্থগিত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, খুলনার মেয়র শেখ তৈয়বুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান ও বিআরটিসির চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে চারটি মামলার কার্যক্রম চার মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, খুলনার মেয়র শেখ তৈয়বুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান ও বিআরটিসির চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে চারটি মামলার কার্যক্রম চার মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এসব মামলা কেন বাতিল করা হবে না- তা আগামী চার সপ্তাহের মধ্যে জানাতে দুর্নীতি দমন কমিশন ও সরকারকে নির্দেশও দিয়েছে আদালত। আসামিদের আলাদা চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। হাইকোর্টের একই বেঞ্চ সাবেক সচিব তৌফিক ই এলাহী চৌধুরীকে জামিন দিয়েছে। আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ। তাদের সহায়তা করেন অ্যাডভোকেট মিজানুর রহমান ও নাজমুল হুদা। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল আজিজ খান। গত ১০ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সফিউল আলম রমনা থানায় খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা করেন। খুলনার মেয়র শেখ তৈয়বুর রহমানের বিরুদ্ধে গত বছর ৭ নভেম্বর খুলনার কোতোয়ালি থানায় চাঁদাবাজির মামলাটি দায়ের করা হয়। সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে গতবছর ২৬ জুন গুলশান থানায় একটি চাদাঁবাজির মামলা করা হয়। এছাড়া, দুশটি সিএনজি অটোরিকশা বণ্টনে দুর্নীতির অভিযোগে বিআরটিসির সাবেক চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করেছিল দুদক। অন্যদিকে, সাবেক সচিব তৌফিক ই এলাহী চৌধুরীর বিরুদ্ধে গত ১৮ এপ্রিল তেজগাঁও থানায় জরুরি ক্ষমতা বিধিমালায় মামলা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২১৪৪ ঘ.