ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুইটি মামলার কার্যক্রম স্থগিতের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেনি আপিল বিভাগ।
আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারের ওই আবেদনের ওপর ১০ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন এই আদেশ দেন।
দুদকের পক্ষে অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ও সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব শুনানিতে অংশ নেন। হাসিনার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ।
এর আগে গত ৭ জুলাই নিম্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম দু'মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
মামলা দুটিতে হাসিনার বিরুদ্ধে কার্যক্রম কেন বাতিল করা হবে না- চার সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশও দেয় আদালত।
ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা বাতিলের জন্য গত ২ জুন হাইকোর্টে আবেদন করেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছর ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে।
গত বছর ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করে সরকার। চলতি বছর ১১ জানুয়ারি এর অভিযোগপত্র দেওয়া হয়।
অন্যদিকে, নাইকো দুর্নীতি মামলা বাতিলের জন্য হাসিনা গত ১৯ জুন হাইকোর্টে আবেদন করেছিলেন।
দুদক গত বছরের ৯ ডিসেম্বর শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা দায়ের করে।
এতে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র কানাডীয় কোম্পানি নাইকোকে অবৈধভাবে বিনা দরপত্রে দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৬৩০ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলায় পরে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার সরকারের মন্ত্রী ও কর্মকর্তার বিরুদ্ধেও নাইকো দুর্নীতির অভিযোগে পৃথক মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৪৪৩ঘ.
bdnews24