২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দুর্নীতি মামলায় অভিযুক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 09:14 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দুর্নীতি মামলায় অভিযুক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার দুুুপুরে মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এ পরোয়ানা জারি করেন। আদালত একই সঙ্গে মেয়র খোকার গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ জুলাই দিন ঠিক করেছে। দুপুরে ঢাকা সিনিয়র বিশেষ জজ আদালতে মেয়র খোকাসহ তার স্ত্রী, ছেলেমেয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করা হয়। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে ৯ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৬০৯ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং অবৈধভাবে ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগ এনে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এফ এম গোলাম ফাত্তাহ ও মেয়র খোকার স্ত্রীর পক্ষে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া অংশ নেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এফ এম গোলাম ফাত্তাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' মামলাটি আদালতে আমলে নেওয়ার পর আইনগতভাবে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়ে যায়। এক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হয়নি।'' মঙ্গলবার এ আদালতে মেয়রের স্ত্রী ইসমত আরার আইনজীবী এক আবেদনে দুদকের অভিযোগপত্রটি ত্র"টিপূর্ণ, অসম্পূর্ণ জানিয়ে এটি পুনঃতদন্তের দাবি জানিয়েছিলেন। আদালত ওই আবেদন নাকচ করে দেয়। মামলার অন্য আসামি খোকার মেয়ে সারিকা সাদেক ও ছেলে ইসরাক হোসেনকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে খোকার স্ত্রী ইসমত আরার বিরুদ্ধে আনা অভিযোগটি আপাতত স্থগিত রাখার কথা বলা হয়। চলতি বছরের ২ এপ্রিল রমনা থানায় সাদেক হোসেন খোকা তার স্ত্রী ও ছেলে-মেয়ের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/এমএআর/এমএ/জিএনএ/১৫০৫ ঘ.