ঢাকা, জুলাই ৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবার আগে সংসদ এবং তার একমাস পর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের নতুন প্রস্তাব দিয়েছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার নাইকো মামলায় বিশেষ আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিক ও আইনজীবীদের তিনি বলেন, "আমি সব সময় বলে এসেছি, সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে তাতে চার দলসহ অনেক রাজনৈতিক দল অংশ নিচ্ছে না। সব দলের অংশ গ্রহণে আগে সংসদ নির্বাচন ও এর এক মাস পর স্থানীয় সরকার নির্বাচন হবে। সরকার এটা আগেই ঘোষণা করে দিতে পারে।"
সকাল পৌনে ১০টার দিকে বিশেষ কারাগার থেকে খালেদা জিয়া এবং কেন্দ্রীয় কারাগার থেকে অপর ৭ আসামিকে সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালত-৯ এ হাজির করা হয়। তবে সোমবারও আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়নি।
বিচারক খোন্দকার কামাল উজ্জামান ১৬ জুলাই মামলার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
আদালত মুলতবির পর খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে বলেন, "বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা নির্বাচনে বিশ্বাসী। অথচ আমাদের প্রতি সরকার সমান আচরণ করছে না; পক্ষপাতমূলক আচরণ করছে।"
তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর প্রসঙ্গ টেনে খালেদা জিয়া বলেন, "আমরা দুই ছেলে চরম অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না। অথচ অন্যদের বিদেশে পাঠানো হয়েছে।"
বিশেষ আদালতে বিচাররাধীন মামলায় ন্যায় পাওয়ার বিষয়ে শংকা প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "এখানে ন্যায় ও সুবিচার পাওয়া যাবে না। তাই আমি প্রচলিত আইনে বিচার চাই। আমার ও আমার ছেলেদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে।"
দ্রব্যমূল্য পরিস্থিতিতে বিরাজমান সংকট থেকে উত্তরণে খালেদা সবার আগে সংসদ নির্বাচন দাবি করে বলেন, "সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। বর্তমান এ সংকট নিরসন কেবল নির্বাচিত সরকারই করতে পারে। তাই দ্রুত নির্বাচন চেয়েছি। আজ দেশের ৪ কোটি মানুষ গরিব হয়ে গেছে। বিডিআর'র চালিত ন্যায্যমূল্যের দোকান ও ওএমএস বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে মানুষ খাবার পাচ্ছে না। তারা চরম সংকটে দিননিপাত করছে। এর অবসানে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। ২০০৭ সালের নির্বাচনে এমননিতেই দেরি হয়েছে। তাই আগে এ নির্বাচন হওয়া উচিৎ।"
স্থানীয় সরকার নির্বাচনে তার দল ও জোট অংশ না নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, "আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই। তবে তা নির্বাচিত সরকারের অধীনে হতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের এ নির্বাচন করার এখতিয়ার নেই।"
সংকট উত্তরণে সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আলোচনায় বসা উচিৎ বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।
এর আগে সকাল পৌনে ১০টায় আদালত শুরু হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু করতে আদালতের অনুমতি চান। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আদালতকে জানান, হাইকোর্টে নাইকো মামলার বিষয়ে একটি রিট আবেদন করা হয়েছে। এটি শুনানির অপেক্ষায় আছে বিধায় মামলার কার্যক্রম মুলতবির আবেদন জানান তিনি।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে যুক্তি তর্ক উপস্থাপন হয়। পরে আদালত ১৬ জুলাই পরবর্তি দিন ধার্য করেন।
এদিকে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে মণিপুরীপাড়ার কাছে পুলিশি ব্যারিকেডের কাছে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী মানববন্ধন করে।
পরে আদালতের অনুমতি নিয়ে খোন্দকার দেলোয়ার হোসেনসহ কয়েকজন আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে আদালত কক্ষে কথা বলেন। দুপুর ১টার দিকে খালেদা জিয়াকে বিশেষ কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
নাইকো মামলার কারাবন্দি অপর আসামিরা হলেন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, তারেক রহমানের বন্ধু ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন এবং ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া।
মামলায় ১১ আসামির মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামালউদ্দিন সিদ্দিকী, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ পলাতক রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মাহবুবুল আলম গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করেন। একইদিন শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো দুর্নীতি সংক্রান্ত অপর মামলাটি দায়ের করেন কমিশনের উপ-পরিচালক এম এম শাব্বির হাসান।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দিয়ে' রাষ্ট্রের ১৩ হাজার কোটি টাকা ক্ষতি করার অভিযোগে খালেদার বিরুদ্ধে দায়ের করা মামলায় গত ৫ মে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। আর হাসিনার বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেওয়া হয় গত ৭ মে। দুই মামলায় মোট ২০ জনকে আসামি করা হয়।
খালেদা জিয়াকে গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। সংসদ ভবন এলাকার একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এএল/জিএনএ/১৩৩৪ ঘ.
bdnews24