ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার নথি তলব করায় আবারও এ মামলার অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়েছে।
সোমবার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় মামলার অভিযোগ গঠনের শুনানি ১৪ জুলাই পর্যন্ত মুলতবি করেন। একই কারণে এর আগে গত ২৫ জুন তারিখে আদালত মুলতবি করে শুনানির জন্য আজকের (সোমবার) দিন ধার্য করা হয়।
এর আগে হাসিনার পক্ষে মামলাটি বাতিলের আবেদন জানানো হলে গত ১৯ জুন বিশেষ জজ আদালতের নথি তলব করে হাইকোর্ট। বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও মাশুক হোসেন আহমেদের বেঞ্চ এই নথি তলব করেন।
সোমবার সকাল সাাড়ে দশটার দিকে আদালত শুরু হলে বিচারক বলেন, "উচ্চ আদালত এই মামলার নথিপত্র তলব করেছে। নথি সম্পর্কে পরবর্তী কোন নোটিশ আমার হাতে আাসে নি। উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার পর মামলাটির পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।"
সোমবার হাসিনার পক্ষে অ্যাডভোকেট সাহারা খাতুন আদালতে হাজিরা দেন।
এদিকে মামলার আরেক আসামি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের চিকিৎসার জন্য আদালতের কাছে আবেদন জানান তার আইনজীবীরা। কিন্তু মামলার নথি আদালতে না থাকায় বিচারক এ বিষয়ে কোন সিদ্ধান্ত দেন নি। তবে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য মৌখিকভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে কারা কর্তৃপক্ষকে বলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা যোগসাজশ করে বিনা টেন্ডারে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্রের ১ হাজার ৭৯৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নাইকোকে উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন।
মামলার বাকি আসামিরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব তৌফিক ই এলাহী চৌধুরী, ও ড. এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, নাইকো রিসোর্সেস বাংলাদেশ লি. এর ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, বহির্সম্পদ বিভাগের সাবেক সচিব ড. এ কে এম মশিউর রহমান ও পেট্রোবাংলার সাবেক পরিচালক সৈয়দ আনোয়ারুল হক।
মশিউর রহমান ও আনোয়ারুল হকের নাম মামলার এজাহারে ছিল না। তদন্তের পর তাদের নাম অভিযোগপত্রে যুক্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/জিএনএ/১১১৮ ঘ.
bdnews24