২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো মামলা: পুর্ণাঙ্গ বেঞ্চে খালেদার আবেদনের শুনানি ১০ জুলাই

গ্যাটকো দুর্নীতি মামলায় নিু আদালতের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করা আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন আপিল বিভাগের চেম্বারজজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই, ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় নিু আদালতের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করা আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন আপিল বিভাগের চেম্বারজজ। আগামী ১০ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। রোববার চেম্বারজজ বিচারপতি মো. আবদুল মতিনের আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। গ্যাটকো মামলা দায়েরকারী দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুল হক। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গতবছর ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় খালেদা জিয়া ও কোকোকে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সকালে গ্রেপ্তার করা হয়। গত ১৮ সেপ্টেম্বর মামলাটি জরুরি আইনে অন্তর্ভুক্ত করা হয়। চলতি বছরের ১৩ মে মোট ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে ঠিকাদারী প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন। মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে এবং নিম্ন আদালতে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে গত বছর ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে আলাদা দুটি রিট করেন খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো। গত বছর ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট এ মামলায় খালেদার জামিন মঞ্জুর করে। একইসঙ্গে খালেদা ও কোকোর বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করা হয়। এই আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ গত ৪ অক্টোবর হাইকোর্টের আদেশ তিন সপ্তাহের জন্য স্থগিত করে দেয়। কমিশন পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল এবং হাইকোর্টের আদেশের ওপর দেওয়া স্থগিতাদেশ বাড়ানোর জন্য আবেদন করে। চলতি বছরের ১৫ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ দুটি আবেদনের ওপর শুনানি এক মাসের জন্য মুলতুবি করে দেয়। এই এক মাসের মধ্যে মামলাটির বৈধতা নিয়ে খালেদা ও কোকোর করা রিটের ওপর পূর্ণাঙ্গ শুনানি ও তা নিস্পত্তির পদক্ষেপ নিতে উভয়পক্ষকে নির্দেশ দেয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২০৪৫ ঘ.