ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। তার মস্তিষ্কে রক্তক্ষরণের এলাকা বেড়েছে বলে রোববার জানিয়েছেন ল্যাবএইডের চিকিৎসা সেবা বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর ডা. এ কে এম মাহবুবুল হক।
বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, "ক্লিনিক্যালি মোহাম্মদ নাসিমের অবস্থার পরিবর্তন হয়নি। তবে মস্তিষ্কে রক্তক্ষরণের এলাকা বৃদ্ধি পেয়েছে।"
শনিবার সকালে এমআরআই-এর মাধ্যমে নাসিমের মস্তিষ্কে নতুন করে রক্তক্ষরণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
একবার বন্ধ হওয়ার পর আবার কী কারণে রক্তক্ষরণ শুরু হল- এমন প্রশ্নের জবাবে মাহবুবুল হক বলেন, "এ রোগের গতিপ্রকৃতিতে আবার রক্তক্ষরণের সম্ভাবনা থেকে যায়। মানসিক চাপেও রি-ব্লিডিং হতে পারে।"
সব মিলিয়ে নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে- জানান তিনি।
মাহবুবুল হক বলেন, "শরীরের অসাড় অংশ খুব কম ক্ষেত্রেই সেরে ওঠে। এসব ক্ষেত্রে বিদেশে মোহাম্মদ নাসিমের যে ধরনের চিকিৎসা হতো, এখানেও ঠিক সে ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।"
তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আরো কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
গত ২৪ জুন গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে মোহম্মদ নাসিমকে ওইদিনই রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার শরীরের বাঁ পাশ অবশ হয়ে যায়। হাসপাতালে সাত সদস্যের মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছে।
দুর্নীতির অভিযোগে গত বছর ৪ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয় নাসিমকে। সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদের মালিক হওয়ার দায়ে আদালত তাকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।
উন্নত চিকিৎসার জন্য মোহাম্মদ নাসিমকে বিদেশে পাঠাতে রোববার তার ভাই ড. মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রেজাউল করিম, মঞ্জুর আহমেদ ও বোন শিরিন হোসেন প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমএইচবি/২০২৭ ঘ.
bdnews24