২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া অরফানেজ দুর্নীতি মামলার তদন্ত প্রতিবেদনের তারিখ ৪ আগস্ট

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ৭ জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ (এতিম খানা) ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৪ আগস্ট দাখিল করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ৭ জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ (এতিম খানা) ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৪ আগস্ট দাখিল করতে হবে। গত শুক্রবারই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম বেগম শামীমা পারভীন এ তারিখ ধার্য করেন। ওই দিনই রমনা থানা থেকে মামলাটি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। ৩ আগস্ট দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ সহকারী পরিচালক হারুনুর রশীদ রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয় খালেদা জিয়াকে। তার বড় ছেলে তারেক রহমানসহ অন্য আসামিরা হলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান, সাবেক সাংসদ কাজী সালিমুল হক (কাজী কামাল), সৈয়দ আহমেদ, গিয়াস উদ্দিন আহমেদ ও শরফুদ্দিন আহমেদ। মামলাটির অভিযোগে বলা হয়, ১৯৯১-১৯৯৬ সময়কালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালেদা জিয়া প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে সোনালী ব্যাংক রমনা শাখায় একটি হিসাব খোলেন। একটি বিদেশি সংস্থা ১৯৯১ সালের ৯ জুন ওই হিসাবে ইউনাইটেড সৌদি কর্মাশিয়াল ব্যাংকের মাধ্যমে অনুদান হিসেবে ৪ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ২১৬ টাকা দেয়। ওই টাকা দীর্ঘ দুই বছর কোনো এতিমখানায় না দিয়ে জমা রাখা হয়। এরপর জিয়া পরিবারের তিন সদস্যকে (তারেক, আরাফাত এবং মমিনুর) দিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করে এর নামে বরাদ্দ দেওয়া হয়। আরো অভিযোগ করা হয়, ওই ট্রাস্ট গঠনের ক্ষেত্রে সরকারী নীতিমালা মানা হয়নি। এছাড়াও ট্রাস্টের ঠিকানা হিসেবে খালেদা জিয়ার সেনানিবাসের ৬ নম্বর মইনুল রোডের বাড়ির ঠিকানা ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে ওই টাকা দুইভাগে ভাগ করে ট্রাস্টের বগুড়া ও বাগেরহাট শাখার জন্য বরাদ্দ দেওয়া হয়। এ মামলায় জিয়া অরফানেজ ট্রাস্টকে 'নামসর্বস্ব ও অস্তিত্বহীন' হিসেবে উল্লেখ করা হয়েছে। খালেদা জিয়াকে বিশেষ কারাগারে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান তারেক রহমান ও সদস্য আরাফাত রহমান কোকোকেও এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমএইচবি/২০১২ ঘ.