ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার 'নানাভাবে' শর্ত দিয়ে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন চেয়ারপারসন মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
রোববার বিকেলে জাতীয়তাবাদী তাঁতী দলের প্রতীক অনশন কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।
দেলোয়ার বলেন, "সরকার এখনও মাইনাস টু থিওরিতে বিশ্বাস করে। তারা শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়েছে। এখন আমাদের নেত্রীকে নানাভাবে শর্ত দিয়ে বিদেশে পাঠানোর ষড়যন্ত্র করছে। কিন্তু খালেদা জিয়া দেশপ্রেমিক নেত্রী। তিনি বলে দিয়েছেন, তিনি বিদেশে যাবে না।"
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের কঠোর সমালোচনা করে তিনি বলেন, "তারা অসাংবিধানিকভাবে এ নির্বাচন করছে। এর উদ্দেশ্য নিজেদের জন্য একটি ভিত তৈরি করা। কিন্তু জনগণ এ নির্বাচনে সাড়া দেবে না।"
অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে সবার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেন খোন্দকার দেলোয়ার।
সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা সবার আগে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের সঙ্গে সংলাপে বসতে চাই। তবে তার আগে আমাদের নেত্রীকে মুক্তি দিতে হবে।"
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে বর্তমান সরকারের 'দালাল' আখ্যায়িত করে দেলোয়ার বলেন, "তিনি (এরশাদ) জরুরি অবস্থার মধ্যে নির্বাচন চান। কোনো সুস্থ মানুষ এটা চাইতে পারে না।"
সরকার রাজনৈতিক দলের মতামতের তোয়াক্কা করছে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, "তারা নীল নকশার পরিকল্পনা নিয়েই এগুচ্ছে। দ্রব্যমূল্য পরিস্থিতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে- সেদিকে তারা ভ্র"ক্ষেপ করছে না। এ সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই।"
পরে খোন্দকার দেলোয়ার তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে শরবত খাইয়ে অনশন ভাঙান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এসকে/১৯২৪ঘ.
bdnews24