২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোর্শেদ খানের বিরুদ্ধে দুদকের মামলাটি বিশেষ জজ আদালতে

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পলাতক সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতা এম মোর্শেদ খান ও তার স্ত্রী নাসরিন খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলাটি বিচারের জন্য ৭ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পলাতক সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতা এম মোর্শেদ খান ও তার স্ত্রী নাসরিন খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলাটি বিচারের জন্য ৭ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বিচারের সম্মুখীন হয়েছেন মোর্শেদ খান। রোববার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এ আদেশ দেন। এর আগে একই বিচারক গত ২৫ জুন মোর্শেদ খান ও নাসরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পর অভিযুক্তদের ৬ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়। কিন্তু তারা হাজির না হওয়ায় মামলাটির বিচার শুরুর জন্য সংসদ ভবন এলাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতে বদলি করা হয়েছে। ২০০৭ এর ১০ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মো. তালেবুর রহমান গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে জ্ঞাত আয় বহির্ভূতভাবে এক কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৭৯৯ টাকার সম্পদ অর্জন করেছেন এবং কমিশনে দাখিল করা বিবরণীতে ৯১ লাখ ৩৬ হাজার ৫৭২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। অভিযুক্তরা বর্তমানে পলাতক। তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে পালিয়ে রয়েছেন বলে মিডিয়ায় খবর প্রচারিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮৩৩ঘ.