২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগকে বিজয়ী করতে একযোগে কাজ করুন: হাসিনা

দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 10:17 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় রোববার ভোর) কানাডার টরন্টো থেকে লন্ডন রওনা হওয়ার সময়ে বিমানবন্দরে স্থানীয় নেতা-কর্মীদের তিনি এ আহবান জানান। রোববার স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় শেখ হাসিনা লন্ডনে পৌঁছান। যুক্তরাজ্য ছাত্রলীগের একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লন্ডনের হিথরো বিমান বন্দরে পৌঁছালে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান তার বোন শেখ রেহানার ছেলে রেদোয়ান সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ। এ সময়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন খান, যুব লীগের সভাপতি আনোয়ারুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক তারিফ আহমেদ, ছাত্র লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদসহ কয়েক শ' নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এছাড়া হিথরো বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ দূতাবাসের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। প্রবাসী ছোট বোন শেখ রেহানার সঙ্গে দেখা করার জন্য হাসিনা লন্ডন গেছেন। এর আগে শেখ হাসিনার বিশেষ সহকারি ড. হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান লন্ডনের উদ্দেশে টরন্টো ছাড়ার আগে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ''দেশের বর্তমান পরিস্থিতির জন্য কারা দায়ী জনগণ তা ভালোভাবেই জানেন। আর যেন এ রকম পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, সেজন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সকলকে একযোগে কাজ করতে হবে।'' হাসিনা বলেন, ''আমরা যখন ক্ষমতায় ছিলাম, দেশের স্বার্থ ছাড়া অন্য কিছু দেখিনি। এজন্য সুফল পেয়েছিল দেশের মানুষ। '' দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার জন্য যেকোন চ্যালেঞ্জ গ্রহণে রাজি বলে মন্তব্য করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে হাসিনা আরও বলেন, "দুর্নীতিকে কোনভাবেই প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। এটা দেশ ও জাতির উন্নয়নের প্রধান শত্র"।'' দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। টরন্টো বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তিন নাতি-নাতনি, জামাতা খন্দকার মসরুর হোসেন, কানাডা আওয়ামী লীগ সভাপতি সরওয়ার হোসেন ও সফরসঙ্গী বিশেষ সহকারি ডঃ হাসান মাহমুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/আরএ/এসকে/১৮৪৮ঘ.