২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ ফলপ্রসু হয়েছে বলা যাবে না: জিল্লুর রহমান

তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সংলাপের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। তিনি বলেন, "সংলাপ হয়েছে ঠিকই। কিন্তু, খুব একটা ফলপ্রসু হয়েছে সেটা বলা যাবে না। সুতরাং, কারো ওপর নির্ভর না করে আমাদের নিজেদের শক্তির ওপর নির্ভর করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 08:46 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সংলাপের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। তিনি বলেন, "সংলাপ হয়েছে ঠিকই। কিন্তু, খুব একটা ফলপ্রসু হয়েছে সেটা বলা যাবে না। সুতরাং, কারো ওপর নির্ভর না করে আমাদের নিজেদের শক্তির ওপর নির্ভর করতে হবে।" রোববার গুলশানে নিজ বাসভবনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পূর্তি উপলক্ষে সংগঠনটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে জিল্লুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন। সংলাপ 'খুব একটা ফলপ্রসু হয়নি' কেন মনে হচ্ছে জানতে চাইলে জিল্লুর বলেন, "আমরা যে যে কারণে ভেবেছিলাম সংলাপ ফলপ্রসু হবে কিন্তু সেরকম হয়নি।" এক প্রশ্নের জবাবে জিল্লুর বলেন, "কোনো বিষয় নিয়েই সরকারের সঙ্গে সংলাপে আমাদের তেমন তীব্র মতবিরোধ হয়নি। জরুরি আইন নিয়ে কথাবার্তা হয়েছে। তারা (তত্ত্বাবধায়ক সরকার) জরুরি আইন প্রত্যাহার করতে চায় না। কিন্তু, আমাদের যুক্তিতে কিছুটা কুপোকাত হয়েছে।" আসন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনে ১৪ দলের সঙ্গে মেয়র ও চেয়ারম্যান পদ ভাগাভাগি করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "প্রার্থীতা নিয়ে প্রক্রিয়া চলছে। দরকার হলে ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগি করা হবে।" এর আগে জিল্লুর রহমান যুবমহিলা লীগের সদস্যদের উদ্দেশে বলেন, "আন্দোলন সংগ্রাম শেষ হয়ে যায়নি। নেত্রীর নি:শর্ত মুক্তির জন্য যথাযথ ভূমিকা রাখতে হবে।" জিল্লুর বলেন, "আমরা জরুরি অবস্থার মধ্যে সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনে যাচ্ছি। তবে, কোনো অবস্থাতেই আমরা জরুরি অবস্থায় জাতীয় নির্বাচনে যাবো না।" এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ও মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নাজমা রহমান। এর আগে, সকালে যুবমহিলা লীগের সদস্যরা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জিএনএ/১৪৪০ ঘ.