২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঁতাঁত নয়, নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করতে চাই: তোফায়েল

সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সফল সংলাপ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় আওয়ামী লীগ। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের একটি হোটেলে ঢাকা জেলা যুবলীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 11:03 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সফল সংলাপ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় আওয়ামী লীগ। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের একটি হোটেলে ঢাকা জেলা যুবলীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, "কোন আপোষ বা আঁতাত নয়, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে সাহায্য করতে চাই।" জরুরি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে তোফায়েল বলেন, "জরুরি আইনের মধ্যে কোন মতেই অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। জরুরি আইনের মধ্যে কোন নির্বাচন বাংলার মানুষ মেনে নেবে না। জরুরি আইন প্রত্যাহার করে নির্বাচন করলে সব দল অংশ নিতে বাধ্য হবে।" তিনি বলেন,"সব বড় বড় রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে স্থনীয় সরকার নির্বাচনের বিপক্ষে। আমরা উপজেলা নির্বাচনের সঙ্গে একমত। তবে এটা জাতীয় নির্বাচনের পরে করতে হবে।" উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে একটি 'বিশেষ সংগঠনের' পক্ষ থেকে আওয়ামী লীগ বা বিএনপির কর্মী নয় এমন প্রার্থী বাছাই করা হচ্ছে বলে অভিযোগ করেন তোফায়েল।" তিনি সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, "আপনারা যদি পরিকল্পনা মাফিক দেশটাকে অন্য দিকে নিয়ে যান, তাহলে দেশের ভবিষ্যত নিয়ে আমরা শঙ্কিত। এমন কিছু করবেন না যাতে রাজনৈতিক দল ও তত্ত্বাবধায়ক সরকার মুখোমুখি হয়ে দাঁড়ায়। জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়।" সংলাপ প্রসঙ্গে তোফায়েল বলেন, "রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করার পরও সরকার যদি নিজেদের মত করেই কাজ করে, তাহলে আমাদের সংলাপে গিয়ে লাভ কী?" ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম খান বারকুর সভাপতিত্বে এই প্রতিনিধি সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নানসহ যুবলীগের নেতারা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এসকে/১৬৫৩ঘ.