২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাদের মুক্তিসহ ৭ দফা দাবিতে যুব দলের কর্মসূচি

কারাবন্দি নেত্রী খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর মুক্তি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করবে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দল। শনিবার দুপুরে সংগঠনের এক সংবাদ ব্রিফিঙে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 07:08 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি নেত্রী খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর মুক্তি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করবে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দল। শনিবার দুপুরে সংগঠনের এক সংবাদ ব্রিফিঙে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে আছে ৭ জুলাই সংসদ এলাকার বিশেষ কারাগারের সামনে মানববন্ধন, ১০ জুলাই চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট শহরে মানব বন্ধন এবং ২০-৩০ জুলাই জেলা ও বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়। সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ লিখিত বক্তব্য পাঠ করেন। এতে তিনি খালেদা জিয়াসহ জাতীয় নেতাদের বিরুদ্ধে মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। অসুস্থ তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিও জানান। যুব দলের ৭ দফা দাবির অন্যগুলো হচ্ছে, সংগঠনটির সাবেক সভাপতি মির্জা আব্বাস, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ছাত্র দলের সভাপতি আজিজুল বারী হেলালের মুক্তি, আগে সংসদ নির্বাচন, জরুরি অবস্থা প্রত্যাহার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উর্দ্ধগতি রোধ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়া। সংবাদ ব্রিফিংয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিঞা মোহাম্মদ সেলিম, সাবেক সাংসদ খায়রুল কবীর খোকন, আবুল হোসেন, মুহিবুল আলম স্বপন, মাহবুবুল হক নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১২৫৮ঘ.