সিলেট, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনৈতিক কর্মকাণ্ড জায়েজ করতে সরকার স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
তিনি বলেন, "এই সরকার অবৈধ ও অগণতান্ত্রিক। তিন মাসের জন্য আসা সরকার কালক্ষেপণ করে সংবিধান ভঙ্গ করেছে। এসব অনৈতিক কর্মকাণ্ড জায়েজ করতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হয়েছে।"
শুক্রবার সিলেটে মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে মুজাহিদ এ কথা বলেন।
তিনি স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান।
মুজাহিদ আরও বলেন, "সরকার দুর্নীতি বিরোধী অভিযান শুরু করে জনগণের প্রশংসা পেয়েছিল। কিন্তু মতিউর রহমান নিজামীকে আটক করে তারা তাদের অভিযানকে প্রশ্নবিদ্ধ করেছে।"
মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- সাবেক সাংসদ মাওলানা দেলওয়ার হোসেন সাইদী ও ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৫ ঘ.
bdnews24