ঢাকা,জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রতি 'বিমাতাসুলভ' আচরণ করে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ শপথ ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
শুক্রবার সকালে ন্যাম ফ্ল্যাটে নিজের বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, "আওয়ামী লীগের প্রতি সরকারের আচরণ সুমাতাসুলভ, অথচ বিএনপির সঙ্গে বৈরী ও বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। তাদের (সরকার) মুখে একরকম কথা ভেতরে অন্যরকম। এটা জনগণ পছন্দ করছে না।''
তার দলের প্রতি 'এরকম' আচরণকে প্রধান উপদেষ্টার 'শপথ ভঙ্গের শামিল' মন্তব্য করে তিনি বলেন,'' এটা নিরপেক্ষ সরকারের প্রমাণ বহন করে না।''
একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান তত্ত্বাবধায়ক সরকারের শপথের সঙ্গে সঙ্গতিপূর্ন নয় বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার সরকারের সঙ্গে আওয়ামী লীগের অনুষ্ঠিত সংলাপের সমালোচনা করে দেলোয়ার বলেন,"নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কুটম্বের মতো ব্যবহার করেছেন। গতকাল (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টা অন্য দলের চেয়ে আওয়ামী লীগের প্রতি বেশি সৌজন্য প্রকাশ করেছেন। মনে হয়েছে, তিনি বেশ ভাবাবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন। একে খারাপ বলছি না। কিন্তু আমাদের প্রশ্ন, তা হলে বিএনপির প্রতি এরূপ বৈরী ও বিমাতাসুলভ আচরণ কেনো করা হচ্ছে ?"
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)'র দায়েরকৃত জিয়া অরফানেজ (এতিমখানা) ট্রাস্ট'র অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলাকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করে তা প্রত্যাহারের দাবি জানান তিনি।
তিনি বলেন, ''এ সব মামলার উদ্দেশ্য হল তাদেরকে কারাগারে আটক রেখে প্রহসনের বিচারের মাধ্যমে সাজা দিয়ে নির্বাচন থেকে বিরত রাখা। আগামীতে এমন আরও মামলা তাদের বিরুদ্ধে দায়ের করা হলে আমি আশ্চর্য হবো না।''
রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে দাবি করে তিনি বলেন,
''মামলাটির ঘটনাকাল ১৯৯১-৯৬ সাল। অথচ মামলাটি দেওয়া হয়েছে জরুরি বিধিমালায়। এর উদ্দেশ্য হল, জরুরী বিধিমালায় প্রহসনের বিচার করে সাজা দেয়া। কারণ প্রচলিত আইনে মামলা হলে তা আদালতে টিকবে না।''
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ টাকা আত্মাসাতের অভিযোগে বৃহস্পতিবার খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
দেলোয়ার অভিযোগ করেছেন,''সরকার নীল নকশা অনুযায়ী পাতানো নির্বাচনের মাধ্যমে রাবার স্ট্যাম্প সংসদ প্রতিষ্ঠা করে একটি তাঁবেদার সরকার গঠন করতে চায়। আওয়ামী লীগ এ সরকারের সঙ্গে আতাঁত করেছে। কিন্তু দেশের জাগ্রত জনগন এর অন্তরায় হয়ে দাঁড়াবে। আইযুব, ইয়াহিয়া ও এরশাদের মতো এ সরকারের পরিণতিও হবে ভয়াবহ।''
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''বর্তমান সরকার শয়তানের নানারূপের মতো ছলনা করছে। একদিকে ক্ষমতা হস্তান্তরের কথা বলে সংসদ নির্বাচন বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করছে। অন্যদিকে সমঝোতা ও নিরপেক্ষতার কথা বলে সরকার বিএনপির চেয়ারপার্সন ও তার পরিবারকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা ও সাজানো মামলা দিচ্ছে।''
স্থানীয় সরকার নির্বাচনে তার দল ও চার দলীয় জোট অংশ নিচ্ছে না জানিয়ে দেলোয়ার বলেন,'' আমাদের অবস্থান সংবিধান, আইন, জনমত ও নৈতিকতার পক্ষে। তারপরও কেউ যদি চোরাগোপ্তা পথে প্রার্থী হয়ে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো প্রার্থী মনোনয়ন দেইনি।"
অসুস্থ তারেক রহমানকে বিদেশে না পাঠিয়ে আবারও নতুন মেডিকেল বোর্ড গঠনের সমালোচনাও করেন তিনি।
দেশের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাজারে যে বিরূপ প্রভাব পড়ছে তাতে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে সরকারকে তার অবস্থান পাল্টানোর পরামর্শ দেন দেলোয়ার।
তিনি বলেন, ''তা না হলে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, আগামীতে আরও বাড়বে। জনগনের দুর্ভোগও চরম পর্যায়ে উঠবে।''
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাবউদ্দিন, আবুল হোসেন, খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার কায়সার আহমেদ, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মোহাম্মদ সেলিম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১৩১৪ ঘ.
bdnews24