ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৪ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক সিরাজুল হকের নেতৃত্বে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন, অর্থপেডিকস বিভাগের অধ্যাপক সিরাজউদ্দিন আহম্মেদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক মইনুজ্জামান এবং সার্জন ড. ইদ্রিস আলী।
কারা উপ-মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারেক রহমান বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তার শারীরিক অবস্থা জানার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে একটি প্রতিবেদন জমা দিতে বলেছি। এর পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ এই বোর্ড গঠন করেছে।"
কবে নাগাদ প্রতিবেদন জমা দেওয়া হতে পারে জানতে চাইলে কারা উপ-মহাপরিদর্শক বলেন, "শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববারের দিকে (৬ জুলাই) আমরা প্রতিবেদনটি হাতে পেতে পারি বলে আশা করছি।"
গত বছরের ৭ মার্চ ক্যান্টনমেন্টের শহীদ মইনুল সড়কের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঘুষ ও চাঁদাবাজির অভিযোগে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/এমএইচবি/১৯৪৮ ঘ.
bdnews24