ঢাকা,জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও সরকারের সঙ্গে বৃহস্পতিবার শুরু হওয়া সংলাপের সমালোচনা করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, ফখরুদ্দীন সরকার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে।
খোন্দকার দেলোয়ার বলেন, "আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে এ সরকার ক্ষমতায় এসেছে। তাদের সঙ্গে যে সংলাপ হচ্ছে, তা সর্ম্পকে জনগণই ভালো জানে। আমাদের সঙ্গে সংলাপ করতে হলে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সংলাপকে অর্থবহ করতে আমরা খালেদা জিয়া ও মতিউর রহমান নিজামীর মুক্তি চেয়েছি। এছাড়া আমাদের আরও কিছু দাবি রয়েছে, তা বাস্তবায়ন করলেই সরকারের সঙ্গে সংলাপ হতে পারে, নইলে নয়।"
বৃহস্পতিবার দুুপুরে সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতীক অনশন কর্মসূচি শেষে আওয়ামী লীগের সঙ্গে সরকারের সংলাপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার মুক্তি ও তার ছেলেদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এ প্রতীক অনশন কর্মসূচি পালন করে বিএনপির ওই অঙ্গসংগঠনটি। সরবত পান করানোর মাধ্যমে দেলোয়ার উপস্থিত নেতাকর্মীদের অনশন ভাঙান।
খোন্দকার দেলোয়ার আরো বলেন, "চার দলের পাঁচ দফা দাবি মেনে নেওয়া হয়নি। এরজন্য চার দল আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সরকার নীল নকশার নির্বাচন করতে চায়; এটা তারই প্রমাণ।"
তিনি বলেন, "দল ও জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ নির্বাচনে অংশ নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
বৃহস্পতিবার ছিল ৪টি সিটি করপোরেশন ও ৯টি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে দেলোয়ার হোসেন বলেন, "এতে জনগণের দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যাবে। এমনিতেই জনসাধারণ দ্রব্যমূল্যের লাগামহীন অবস্থার মধ্যে হিমশিম খাচ্ছে, তার ওপর জ্বালানি তেলের দাম বাড়ায় এর বিরূপ প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে।"
এর আগে তিনি মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রতীক অনশনে মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাবউদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১৮০৫ ঘ.
bdnews24